Prothom Alo

জয়রথ থামল চিটাগংয়ের

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

টানা চার ম্যাচে জয়। যেন আকাশে উড়ছিল চিটাগং কিংস। তবে মিরপুরে আজ শনিবার চিটাগংয়ের জয়রথ থামিয়েছে রংপুর রাইডার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর জয় পায় ৫ উইকেটে।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান তোলে চিটাগং। জবাবে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৫ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
বেশির ভাগ সময় ম্যাচ ঝুঁকে ছিল চিটাগংয়ের দিকে। খেলার শেষ ওভার মাঠে গড়ানোর আগেও মনে হচ্ছিল, জয় পেতে চলেছে চিটাগং। তবে ব্যাটে ঝড় তুলে ম্যাচটি কেড়ে নেন রংপুরের ড্যানজা হিয়াট। দলকে জয়ের বন্দরে নিয়ে ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যান। তাঁর সংক্ষিপ্ত এই ইনিংসে ছিল দুটি চার ও একটি ছয়ের মার। কেভিন ও’ব্রায়েনের ৮ বলে অপরাজিত ১৩ রানের ইনিংসটিও ভালো কাজে দেয়।
রংপুরের হয়ে সর্বোচ্চ সংগ্রহ ইমরুল কায়েস ও ক্যামেরন বোরগাসের। দুজনেই করেন ৪৮ রান। তবে ৮ বলে ২০ রানের ম্যাচজয়ী ইনিংসের সুবাদে রংপুরের নায়ক হিয়াটই।
প্রথমে ব্যাট করা চিটাগং ইনিংসের গোড়ার দিকে বেশ ধাক্কা খেয়েছিল। ১৩ রানে প্রথম উইকেট হারায় দলটি। একপর্যায়ে দলীয় ৭৭ রানের মধ্যে চারটি উইকেটের পতন ঘটে। তবে এ অবস্থায় দলের হাল ধরেন রায়ান টেন ডেসকাট ও আরিফুল হক। পঞ্চম উইকেটে তাঁরা গড়ে তোলেন ৬০ রানের জুটি। ৩২ বলে ৫০ রান করেন ডাচ ব্যাটসম্যান ডেসকাট। ইনিংস শেষ হওয়ার সময় ২০ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন আরিফুল।
আজকের জয়ের সুবাদে ১০ ম্যাচে রংপুরের অর্জন ৮ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে চিটাগংয়ের অর্জন ১০ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং: ১৬০/৬ (২০ ওভার)
ডেসকাট ৫০, আরিফুল ৩৩*, নাঈম ২৯
রাজ্জাক ২/৩৫, নাসির ২/২৫
রংপুর: ১৬১/৫ (২০ ওভার)
বোরগাস ৪৮, কায়েস ৪৮
ফল: রংপুর রাইডার্স ৫ উইকেটে জয়ী।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com