Prothom Alo

শিশুটির পাশে দাঁড়াতে চান যাঁরা...

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দউড়া গ্রামের দরিদ্র বাবা মতিলাল রবিদাসের চোখে এখন আশার আলো। ভাবছেন এ যাত্রায় বুঝি শিশু সন্তানটি বেঁচে যাবে তাঁর। আদর করে যার নাম রেখেছিলেন রবিনহুড। ছেলের দুধের জন্য আর তাঁকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আর এই স্বপ্ন দেখার শক্তি তিনি খুঁজে পেয়েছেন প্রথম আলো ডটকমের পাঠকদের কাছে ।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো ডটকমে ‘ছেলের দুধের জন্য...’ প্রতিবেদনটি প্রকাশিত হয়। জন্মের পরপরই ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয়েছিল শিশুটি। চিকিত্সক পরামর্শ দিয়েছেন, ওষুধের পাশাপাশি দুর্বলতা সারাতে হলে শিশুটিকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শিশুটির মা বাসন্তীও অসুস্থ। তাই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। কিন্তু শিশুটির জন্য বাজারের ব্যয়বহুল দুধ কেনার সামর্থ্য নেই মা-বাবার। বাবা মতিলাল রবিদাস দরিদ্র। বাড়ি বাড়ি গিয়ে জুতো সেলাই করে জীবন কাটে তাঁর। তাই ছেলের দুধের টাকার জন্য তিনি ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।
ওই প্রতিবেদনটি পড়ে প্রথম আলো ডটকমের সহূদয় পাঠকেরা রবিনহুডের পাশে দাঁড়াতে চেয়েছেন। কেউ চেয়েছেন নিজের প্রতি রাতের দুধের খরচটুকু শিশুটিকে দিতে, কেউবা বাজার থেকে দুধ কিনে দিতে চেয়েছেন রবিনহুডের দরিদ্র বাবা মতিলালকে। দেশের বা প্রবাসের কয়েকজন পাঠক আমাদের কেন্দুয়া প্রতিনিধির সঙ্গে যোগাযোগও করেছেন। তাঁদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা।
যারা রবিনহুডকে সহযোগিতা করতে চান তাঁদের জন্য দরিদ্র বাবা মতিলাল রবিদাসের একটি ব্যাংক হিসাব দেওয়া হল। ছেলের দুধের জন্য বাবা মতিলাল এই ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন। এ ছাড়া পাঠকেরা প্রয়োজনে আমাদের কেন্দুয়া প্রতিনিধি শেখ কামালের মুঠোফোনেও যোগাযোগ করতে পারেন।
সঞ্চয়ী হিসাব নম্বর -৬০১৩
রূপালী ব্যাংক (কেন্দুয়া শাখা)
মুঠোফোন - ০১৭১৮-১২৬৯৫৪ (শেখ কামাল, কেন্দুয়া প্রতিনিধি )



আরও জানতে ক্লিক করুন
ছেলের দুধের জন্য...

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com