তপন চৌধুরীর ব্যস্ততা
তপন চৌধুরী
গেল বছরের অক্টোবরে কানাডা থেকে অনেকটা স্থায়ীভাবেই ঢাকায় ফিরেছেন তপন চৌধুরী। আধুনিক গানের অন্যতম এই শিল্পীর শেষ অডিও অ্যালবাম ছিল ‘যেতে হবে বহুদূর’। তা-ও প্রায় বছর দশেক হতে চলল। অবশ্য তাঁর গাওয়া পুরোনো জনপ্রিয় গানগুলো নিয়ে একটি অ্যালবামের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় কাটছে তাঁর।
শেষ অ্যালবাম ‘যেতে হবে বহুদূর’ প্রসঙ্গে তপন চৌধুরী জানিয়েছেন, ‘অ্যালবামটি করার সময়ও আমি জানতাম না যে, ঢাকা ছেড়ে স্ত্রী-সন্তানের জন্য আমাকে কানাডায় পাড়ি জমাতে হবে। অ্যালবামটি প্রকাশের পরই আমি কানাডায় চলে যাই। তখন মনে মনে ভাবলাম, অ্যালবামের নামটির সঙ্গে আমার জীবনের এত মিল হলো কেমন করে! সে যা-ই হোক, দেশে ফিরে আবারও থিতু হয়েছেন তপন। এর মধ্যেই গুছিয়ে ফেলেছেন তিন-তিনটি একক অ্যালবামের রেকর্ডিং। খুব শিগগির মুক্তি পাবে তাঁর গাওয়া পুরোনো জনপ্রিয় গানগুলোর রিমেক অ্যালবাম। এই অ্যালবামে ‘পলাশ ফুটেছে’, ‘ডালেতে লড়িচড়ি বইয়ো’, ‘এমন কোনো স্মৃতির চিহ্ন নেই’, ‘যেতে যেতে কেন পড়ে বাধা’র মতো সুপারহিট গানগুলো থাকবে।
অ্যালবাম প্রসঙ্গে তপন চৌধুরী জানান, এরই মধ্যে তিনি জি-সিরিজের সঙ্গে আলাপ করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। সব ঠিক থাকলে মাস খানেকের মধ্যে অ্যালবামটি প্রকাশ করতে চান তপন চৌধুরী। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘অডিও অ্যালবাম দিয়ে বহুদূর থেকে আবার শ্রোতাদের কাছে যেতে চাই।’
প্রসঙ্গত, এ অ্যালবামের মাধ্যমেই বেশ কয়েক বছর পর অডিও ইন্ডাস্ট্রিতে তপন চৌধুরীর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে।
শুধু রিমেক অ্যালবামই নয়; বিরতির মধ্যে দুটি মৌলিক গানের অ্যালবামও তৈরি করেছেন তপন চৌধুরী। এর মধ্যে একটি মৌলিক একক, অন্যটি শাকিলা জাফরের সঙ্গে দ্বৈত।
অডিও ইন্ডাস্ট্রিতে তপন চৌধুরীর প্রত্যাবর্তন ঘটার পাশাপাশি একটি বড়সড় রিয়েলিটি শোর প্রধান বিচারকের আসনেও বসেছেন তিনি। ‘গর্ব’ শীর্ষক গানের রিয়েলিটি শোতে তপন চৌধুরীর সঙ্গে অন্য দুই প্রধান বিচারক হলেন সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপা। সব মিলিয়ে তপন চৌধুরীর ভক্তদের জন্য বেশ ভালো চমকই অপেক্ষা করছে সামনে। ২৭ জানুয়ারি রিয়ালিটি শো ‘গর্ব’র মূল পর্বের শুটিং শুরু হয়েছে এফডিসিতে। অনেক দিন পর অডিও অ্যালবাম প্রকাশ, রিয়েলিটি শোর শুটিং প্রস্তুতির ফাঁকে নিয়মিত স্টেজ শোতেও অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তপন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন