বুঝতে পারছেন নেইমারও

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
নেইমার

নেইমার

নিজেদের দেশ ২০১৪ বিশ্বকাপের আয়োজক। ব্রাজিলিয়ানরা তাই ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। কিন্তু গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি ব্রাজিলের দুর্বলতা দেখিয়ে দিল যেন চোখে আঙুল দিয়ে। এতে একটা উপলব্ধি তাদের হলো, স্বপ্ন পূরণ করতে হলে নিজেদের খেলায় উন্নতি ছাড়া উপায় নেই। নেইমার তো বলেই দিলেন, বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলকে অনেক উন্নতি করতে হবে।
ব্রাজিলিয়ানরা স্বপ্নটা সাজাচ্ছে নেইমারকে কেন্দ্র করেই। ব্রাজিলের সেরা তো বটেই, বিশ্বেরই সেরাদের একজন মনে করা হচ্ছে তাঁকে। কিন্তু ওয়েম্বলির ম্যাচে ইউরোপিয়ান ফুটবলের বিপক্ষে নেইমারেরও অনেক দুর্বলতা ধরা পড়েছে আরেকবার। ইংল্যান্ডের জমাট রক্ষণের সামনে নেইমার যেন ছিলেন নিজের ছায়া। তবে নিজের চেয়েও দলকে নিয়েই বেশি উদ্বিগ্ন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার।
ইংল্যান্ডের কাছে এই পরাজয় (২-১) নিয়ে জার্মানির সংবাদ সংস্থা সিআইডিকে বলেছেন, ‘আমরা সব চেষ্টাই করেছি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’ তবে গ্যালারির সমর্থনের কথা ভেবে বুকে সাহসও পাচ্ছেন ২১ বছর বয়সী, ‘স্বাগতিক দেশ হিসেবে আমরা প্রচুর চাপে থাকব। কিন্তু হতে পারে আমাদের সমর্থকেরাই আমাদের জয়ের দিকে নিয়ে যাবে।’ তাঁর কথা, জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও হবে ২০১৪ বিশ্বকাপের বড় দাবিদার।
ইংল্যান্ড ম্যাচে নেইমারের নিষ্প্রভতা উসকে দিয়েছে ওই প্রশ্নটাও। বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার যে স্বপ্ন দেখেন, ইউরোপে না এলে নেইমার তা পূরণ করতে পারবেন? অনেক ব্রাজিলিয়ানই মনে করেন, ওই পর্যায়ে যেতে হলে নেইমারকে অবশ্যই ইউরোপে পাড়ি জমাতে হবে। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলোও ওত পেতে আছে। এদের সঙ্গে এবার যোগ করে নিতে পারেন বায়ার্ন মিউনিখ নামটিও। জার্মানি বা বায়ার্নের দরজাটা খোলা রাখলেন নেইমার নিজেই, ‘সেই ছোটবেলা থেকেই আমি ইউরোপে খেলার স্বপ্ন দেখছি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বোধ করা এবং দলের বাকি সবার সঙ্গে মানিয়ে নেওয়া। বুন্দেসলিগাসহ ইউরোপের সব লিগই আকর্ষণীয়। বিশেষ করে বায়ার্ন মিউনিখের কথাও আমি বলব।’ বায়ার্নের জার্মান মিডফিল্ডার বাস্তিয়েন শোয়েনস্টেইগারেরও ভীষণ গুণমুগ্ধ সান্তোস তারকা। আগামী মৌসুমে বায়ার্নের কোচ হতে যাচ্ছেন পেপ গার্দিওলা। আগে থেকেই যাঁর গুণমুগ্ধ নেইমার। তবে কি...? এএফপি, ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Mohammad

Mohammad

২০১৩.০২.০৯ ২৩:২৯
আরজেন্তিনা জিতবে 100%