নান্দাইলে স্বামীর খোঁজে এসে এক নারী মারধরের শিকার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চপই গ্রামে গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ির লোকজনের হাতে এক নারী (২৫) মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী তাঁর মাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে স্বামীর খোঁজে চপই গ্রামে এসে হামলা শিকার হন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার লেবুতলা গ্রামে।
গতকাল শুক্রবার ওই গ্রামে গিয়ে জানা যায়, চপই গ্রামের রতন খাঁর ছেলে এনায়েত হোসেন আট বছর আগে ওই নারীকে বিয়ে করেন। তাঁদের ছয় বছর ও এক বছরের দুটি মেয়ে রয়েছে। তাঁরা দুজন রাজধানীর মিরপুর এলাকার সিএনএইড নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। বিয়ের পর তাঁরা মিরপুরের এক বস্তিতে থাকতেন।
ওই নারী জানান, বিয়ের পর থেকে গ্রামের বাড়িতে জমি কেনা, বোনের বিয়ে দেওয়াসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে তাঁর বেতনের টাকা নিয়ে যেতেন স্বামী। সম্প্রতি পোশাক কারখানার চাকরি ছেড়ে এনায়েত নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অন্য কাজে যোগ দেন। এতে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে তিনি (ওই নারী) স্বামীর গ্রামের বাড়িতে যেতে চাইলে এনায়েত বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের নাম ও মুঠোফোন নম্বর দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে তিনি মাকে (৫০) নিয়ে এনায়েতের বাড়িতে যান। সেখানে নিজের পরিচয় প্রকাশ করামাত্রই এনায়েতের বাড়ির লোকজন তাঁদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দেড় বছর ধরে এনায়েত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন না। ফোন করলে ফোন ধরেন না। তাই বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে আসতে হয়েছে। এনায়েত মুঠোফোনে ওই নারীকে বিয়ে করার কথা স্বীকার করে বলেন, পারিবারিক সমস্যার কারণে ওকে বাড়িতে নেওয়া সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি জেনে ওই নারীকে থানায় এনে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা নেওয়া হয়। ওই নারী যাতে সুবিচার পান, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন