কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার এবং এর আগের দিন বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও একজন পুলিশ সদস্যও রয়েছেন। এদিকে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দাউদকান্দিতে একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সংশ্লিষ্ট স্থানগুলোর প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় গতকাল সকালে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও দুজন আহত হন।
দাউদকান্দি থানা, মহাসড়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সোনাপুরগামী একুশে এক্সপ্রেস পরিবহন প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই স্থানে দাউদকান্দিগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দাউদকান্দি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (৬১), অটোরিকশার চালক কেশরিয়াখোলা গ্রামের শাহ আলম (৪০), কাদিয়ারভাংগা গ্রামের বাচ্চু মিয়া (৬০), বাচ্চু মিয়ার নাতি মাহফুজুর রহমান (৬) এবং চাঁদপুরের মতলব উপজেলার দাশেরবাজার গ্রামের হাজি মমতাজউদ্দিন (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। শফিকুল ইসলাম ভূঁইয়ার গ্রামের বাড়ি দাউদকান্দির শায়েস্তানগর গ্রামে।
দুর্ঘটনায় বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৪৫) ও ছেলের বউ (নিহত মাহফুজুর রহমানের মা) রোকসানা বেগম (২৫) গুরুতর আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসের চালক পালিয়ে যান। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বাসটির আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
মুরাদনগর: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার পুলিশের বিশেষ শাখার সদস্য (ডিএসবি) মো. মিজানুর রহমান (৫৫) গতকাল নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগরের টনকি গ্রাম থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মিজানুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালারপুল ও আগের দিন বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন