যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে মওদুদ

সরকারের দ্বিমুখী নীতি ধরা পড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকার ‘দ্বৈতনীতি’ অনুসরণ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, সরকারের দ্বিমুখী নীতি জনগণের কাছে আজ ধরা পড়ে গেছে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এ দাবি করেন। তিনি দ্বৈতনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, সরকার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের আইন প্রণয়ন করেছে। ট্রাইব্যুনাল গঠন করেছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছে। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে জন্য সরকারই দায়ী।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে চার দিন ধরে চলা গণজমায়েত এবং তাতে ক্ষমতাসীন দলের এক নেতার নাজেহাল হওয়ার প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, ‘অনেক নামকরা মন্ত্রী শাহবাগে যেতে পারছেন না। দু-একজন মন্ত্রী সেখানে যাচ্ছেন, তাঁদের লোকজন আছে। আবার দল করেন না এমন অনেকে সেখানে তাঁদের সেন্টিমেন্ট প্রকাশ করেছেন।’
স্বদেশ জাগরণ পরিষদ নামে একটি সংগঠন ‘পদ্মা সেতুর দুর্নীতির দায় জনগণ নেবে না’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
জিয়ার কবরে ফখরুলের শ্রদ্ধা নিবেদন: সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে ‘অবরুদ্ধ অবস্থা থেকে’ আগাম জামিন পাওয়া দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের আন্দোলন শুরু হয়ে গেছে। হত্যা-গুম-নির্যাতন-গ্রেপ্তার করে এই আন্দোলনকে দমানো যাবে না। আমরা মনে করি, এই আন্দোলনে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।’
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Mohammed Khan

Mohammed Khan

২০১৩.০২.০৯ ২১:০০
আপনারা বিদেশ পাড়ি দিয়ে দেশ বাসীকে এবার রেহাই দেন।