লাখো জনতার শপথ
রাজপথ ছাড়ব না
-
দৃপ্ত শপথে উত্তোলিত সহস্র হাত
-
শরীর যখন পোস্টার
-
জীবনসায়াহ্নে তারুণ্যের জয়গানে
-
লাখো স্বাক্ষরে ভরে গেছে ক্যানভাস
-
আমিও ফাঁসি চাই, অঙ্গীকারবদ্ধ সবাই, এ খাঁচা ভাঙব আমি কেমন করে
মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা এবং রাজপথে থাকার শপথ নিয়েছে লাখো জনতা। গতকাল শুক্রবার শাহবাগের মহাসমাবেশ থেকে এই শপথ নেওয়া হয়।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শাহবাগের মহাসমাবেশের মঞ্চ থেকে লাখো জনতাকে শপথ পাঠ করান ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার।
শপথ অনুষ্ঠানে উপস্থিত লাখো মানুষ হাত উঁচিয়ে উচ্চারণ করে, ‘আমরা শপথ করছি একাত্তরে যে সমস্ত ঘৃণ্য রাজাকার গণহত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই জামায়াতে ইসলামীর রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখব। আমরা শপথ করছি, যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিবের রাজনীতি নিষিদ্ধ ও তাদের নাগরিকত্ব বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে ও অনলাইনে সক্রিয় থাকব। আমরা শপথ করছি, ৭৫-পরবর্তী যে সমস্ত অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ট্রাইব্যুনালের আওতাধীন করব।’
শপথে আরও বলা হয়, ‘এখন থেকে বাসা-বাড়িতে জামায়াত-শিবিরের মুখপত্র দৈনিক সোনার বাংলা, নয়া দিগন্ত, আমার দেশ, সোনার বাংলা ব্লগ বয়কট করব। তাদের টেলিভিশন ইসলামিক টেলিভিশিন ও দিগন্ত আমরা দেখব না। জামায়াত-শিবির পরিচালিত ফোকাস-রেটিনাসহ কোনো কোচিং সেন্টারে সন্তানদের পাঠাব না। ইসলামী ব্যাংকে কোনো হিসাব খুলব না, ইবনে সিনায় কেউ কোনো সেবা নেব না। আমরা মনে রাখব, এগুলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তারা এ দেশে স্বাধীনতাবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এক কথায় রাজাকার-আলবদরদের সকল সামাজিক ও ব্যবসায়িক সংগঠন নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করব। এমনকি যেসব প্রতিষ্ঠান শিশুদের সাম্প্রদায়িকতায় উদ্বুদ্ধ করতে কাজ করছে, তাদেরও বয়কট করব। এ দেশে যারা গৃহযুদ্ধের হুমকি দেয়, টিভি ও পত্রিকার ফুটেজ বের করে চিহ্নিত করে আমরা তাদের বিচার করব।
আমরা শপথ করছি, মানবতাবিরোধী অপরাধী, রাজাকার-একাত্তরের ঘৃণ্য অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যুদ্ধপরাধীদের যারা পুনর্বাসিত করেছে, যারা এখনো সহায়তা দিচ্ছে, তাদের গণপ্রতিরোধ করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন