শাহবাগের গণজাগরণ বিশ্ব গণমাধ্যমে
বড়দের সঙ্গে শাহবাগে এসে দৃপ্ত শপথ নিয়েছে শিশুরাও
ছবি: প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে তরুণদের অবস্থান এবং গতকাল শুক্রবারের মহাসমাবেশে লাখো মানুষের ঢলের খবর বিশ্ব গণমাধ্যমেও স্থান পেয়েছে। এএফপি, রয়টার্স, আল-জাজিরাসহ অনেক সংবাদমাধ্যম শাহবাগের গণজাগরণের খবর প্রচার করেছে।
এএফপির খবরে বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে গতকালের মহাসমাবেশে এক লাখ মানুষ যোগ দেয়। লাখো মানুষের এই সমাবেশ থেকে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবি জানানো হয়। একই সঙ্গে জামায়াতের অন্য শীর্ষ নেতাদেরও ফাঁসির দাবি তোলা হয়।
আল-জাজিরার প্রতিবেদনে হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা বাতিল করে তাঁর ফাঁসির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে হাজারো মানুষ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও ব্লগারদের মাধ্যমে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে বিক্ষোভের বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন ধরে এই বিক্ষোভ চলছে। রাজধানী ঢাকায় শুরু হওয়া এই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।
বিবিসি বাংলার খবরে গতকাল বলা হয়, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল ঢাকার শাহবাগে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। গুরুত্বের সঙ্গে প্রচারিত এই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার থেকে শুরু হওয়া শাহবাগের বিক্ষোভ গতকাল মহাসমাবেশে পরিণত হয়।
এ ছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন, এশিয়াননিউজডটনেটসহ বিভিন্ন সংবাদমাধ্যম শাহবাগের এই গণজাগরণের সংবাদ প্রচার করেছে।







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন