ইইউ বাজেট নিয়ে সমঝোতা হচ্ছে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজেট নিয়ে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন ওই অঞ্চলের নেতারা। ২০১৪ থেকে ২০২০ মেয়াদের এই বাজেটের জন্য বেশ কয়েক দিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায় রাতভর আলোচনার পর সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন ইইউর নেতারা।
ইইউর বাজেট প্রণয়নের লক্ষ্যে নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেন। আগামী বাজেটের ব্যাপারে একটি বিস্তৃত কাঠামোর ব্যাপারে ইতিমধ্যে একমত হয়েছেন তাঁরা। তবে চূড়ান্ত বাজেট প্রণয়ন নিয়ে নেতাদের মধ্যে মতভেদ দেখা দেয়। এবার বাজেটের জন্য ৯০ হাজার ৮০০ কোটি ইউরোর প্রস্তাব করা হয়েছে, যা এর আগে প্রস্তাবিত বাজেটের চেয়ে ৫০০ কোটি ইউরো কম। আর গত নভেম্বরে প্রস্তাবিত বাজেটের চেয়ে তা পাঁচ হাজার ২০০ কোটি ইউরো কম।
এর আগে গত নভেম্বরে বাজেটের আকার নিয়ে আলোচনা করতে গিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন ইইউর নেতারা। ওই ব্যর্থতার মূল কারণ ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ইইউর বাজেটে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ব্যয়-সংকোচন নীতি গ্রহণের পক্ষে অনড় ছিলেন। বৃহস্পতিবারও ক্যামেরন তাঁর ওই অবস্থান ধরে রাখেন। তিনি বলেন, আগামী বাজেটের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, তা অবশ্যই কমানো প্রয়োজন। সংশ্লিষ্ট নেতারা বরাদ্দের পরিমাণ কমাতে না পারলে কোনো চুক্তি হবে না।
বিশ্লেষকেরা বলছেন, ইইউর বাজেট নিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার মূল কারণ ইইউর নীতি। সংস্থাটির ২৭ সদস্যরাষ্ট্রের যেকোনো সদস্যই বাজেটে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন, যা যেকোনো ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ইইউর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বাজেটে বিস্তৃত একটি কাঠামোর ব্যাপারে নেতারা একমত হওয়ায় সবার আত্মবিশ্বাস বেড়েছে। সমঝোতা চুক্তি চূড়ান্ত না হলেও এটা অনেকটাই নিশ্চিত, শুক্রবারের মধ্যেই এটা সম্ভব হবে।
ইইউর বাজেটের একটি বৈশিষ্ট্য হলো, কোন খাতে কত অর্থ বরাদ্দ থাকবে, তা মোটামুটি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়। ইইউ জানায়, বাজেটে অর্থ কমানো হলে পরিবহন, জ্বালানি ও টেলিযোগাযোগ খাত এবং ইইউর কর্মীদের বেতন কমবে। প্রস্তাবিত ব্যয়-সংকোচন নীতিতে এসব খাতেই অর্থ বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে। বিবিসি ও এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন