সিরিয়া থেকে দিনে পাঁচ হাজার মানুষ পালিয়ে যাচ্ছে
সিরিয়া থেকে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। গত এক মাসে এ হার ২৫ শতাংশ বেড়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস জেনেভায় সাংবাদিকদের বলেন, সিরিয়া থেকে প্রতিদিন এখন পাঁচ হাজার লোক সীমান্ত পাড়ি দিচ্ছে। সিরিয়া ছেড়েছে বা ছাড়ার অপেক্ষায় আছে—এমন লোকের সংখ্যা সাত লাখ ৮৭ হাজারে পৌঁছেছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে।
সিরিয়া থেকে পলাতক বেশির ভাগ মানুষই লেবাননে পাড়ি জমিয়েছে। সীমান্তবর্তী এই দেশটিতে অন্তত দুই লাখ ৬১ হাজার সিরীয় আশ্রয় নিয়েছে। এর পরই জর্ডানের অবস্থান। সেখানে রয়েছে প্রায় দুই লাখ ৪৩ হাজার সিরীয়। এ ছাড়া তুরস্কে পালিয়েছে এক লাখ ৭৭ হাজার ও ইরাকে প্রায় ৮৫ হাজার।
সিরিয়ার সঙ্গে সরাসরি সীমান্ত সম্পর্ক নেই—এমন দেশের মধ্যে মিসরে সবচেয়ে বেশি লোক পালিয়েছে। মিসরে ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া উত্তর আফ্রিকার অন্যান্য দেশে আরও প্রায় ছয় হাজার ৩০০ মানুষ চলে গেছে।
এডওয়ার্ডস বলেন, গত মাসে শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। দেড় লাখের বেশি মানুষ ওই এক মাসে দেশ ছেড়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন