সম্মানিত হচ্ছেন কুরোসাওয়া ও তাঁর তিন সহযোগী
আকিরা কুরোসাওয়া
প্রখ্যাত জাপানিজ চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া ও তাঁর তিন সহযোগী রিউজো কিকুশিমা, হিডিও ওগানি এবং শিনোবু হাসিমোতো কে বিশেষ সম্মাননা প্রদান করবে রাইটারস গিল্ড অব আমেরিকা। পুরো পেশা জীবনে চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে তাঁদেরকে জঁ রেনোয়ার পুরস্কার দেওয়া হবে।
চিত্রনাট্য লেখায় সফলতার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালের জঁ রেনোয়ার পুরস্কার প্রদানের জন্য মনোনীত হয়েছেন কুরোসাওয়া ও তাঁর তিন সহযোগী। তাঁদের মধ্যে কেবলমাত্র হাসিমোতো বেঁচে আছেন। তাঁর বয়স এখন ৯৪ বছর। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাজির থাকার সম্ভাবনা খুবই কম। সম্পতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাইটারস গিল্ড অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হাওয়ার্ড রডম্যান বলেন, ‘এই চার ব্যক্তি মিলে উদাহরণ সৃষ্টির মতো অনেকগুলো চলচ্চিত্র উপহার দিয়েছেন। অসাধারণ লেখনীর মাধ্যমে ভালো চলচ্চিত্রের মানদণ্ডকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে তাঁদের বিশাল ভূমিকা রয়েছে। তাঁদের চলচ্চিত্রে জাপানের সংস্কৃতি ফুটে উঠলেও, বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছেই তাঁরা অনুপ্রেরণার উত্স।’
১৯১০ সালে জাপানে জন্মগ্রহণ করেছিলেন আকিরা কুরোসাওয়া। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নির্মাতা হিসেবে বিবেচিত হয় তাঁর নাম।
৫৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ‘ড্রাঙ্কেন অ্যাঞ্জেল’ (১৯৪৮), ‘স্ট্রে ডগ’ (১৯৪৯), ‘রশোমন’ (১৯৫০), ‘দ্য ইডিয়ট’ (১৯৫১), ‘ইকিরু’ (১৯৫২), ‘সেভেন সামুরাই’ (১৯৫৪), ‘থ্রোন অব ব্লাড’ (১৯৫৭), ‘দ্য হিডেন ফোরট্রেস’ (১৯৫৮), ‘ইয়োজিম্বো’, (১৯৬১) ‘র্যান’ (১৯৮৫)-সহ মোট ৩০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন আকিরা কুরোসাওয়া। তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯৩ সালে। এর আগে ১৯৯০ সালে সম্মানসূচক অস্কার পুরস্কার দেওয়া হয় তাঁকে। ১৯৯৮ সালে জীবনাবসান ঘটে গুণী এ নির্মাতার।
জীবদ্দশায় কিকুশিমা, ওগানি এবং হাসিমোতোর সঙ্গে মিলে চিত্রনাট্য লিখে সফলতার মুখ দেখেছিলেন কুরোসাওয়া। ‘স্ট্রে ডগ’ ও ‘ইয়োজিম্বো’ ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছিলেন কিকুশিমা এবং কুরোসাওয়া। ‘রশোমন’ ছবিতে একসঙ্গে কাজ করেন কুরোসাওয়া এবং হাসিমোতো। ওগানি, হাসিমোতো এবং কুরোসাওয়া একসঙ্গে কাজ করেছেন ‘ইকিরু’ এবং ‘সেভেন সামুরাই’ ছবিতে। এ ছাড়া এই চারজন মিলে উপহার দিয়েছেন ‘থ্রোন অব ব্লাড’ এবং ‘দ্য হিডেন ফোরট্রেস’-এর মতো চলচ্চিত্র।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







hussain noyon
২০১৩.০১.২৬ ১১:০৭