এখনো অপরাজিত কেপ ভার্দে!
আফ্রিকান নেশনস কাপে কেপ ভার্দে ও মরক্কোর ম্যাচ। আর তাতে কিনা গোল করলেন প্লাতিনি! ভড়কে যাবেন না, কিংবদন্তি ফ্রেঞ্চ ফুটবলার মিশেল প্লাতিনির সঙ্গে রক্তের সম্পর্ক অবশ্য নেই লুইস কার্লোস প্লাতিনির। তবে কেপ ভার্দের এই ফুটবলার বড় হয়েছিলেন প্যারিসেই। নিজের নামের সঙ্গে তাই জুড়ে দিয়েছেন শৈশবের নায়কের নাম!
কেপ ভার্দেও আরেকটু হলেই জন্ম দিত আরেকটি দারুণ কীর্তির। ১৯৭৬-এর চ্যাম্পিয়ন মরক্কোর সঙ্গে প্লাতিনির ৩৬ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল তারাই। দিগন্তে উঁকি দিচ্ছিল নকআউট পর্বের স্বপ্নও। কিন্তু শেষমেশ জয়টা বেরিয়ে গেছে মুঠো ফসকে। খেলা শেষের ১২ মিনিট আগে বদলি খেলোয়াড় ইউসেফ এল আরাবির গোলে সমতা ফেরায় মরক্কো। ড্র করেও অবশ্য উচ্ছ্বসিত কেপ ভার্দে কোচ লুসিও আন্তুনেস, ‘আমার ছেলেরা দেখিয়েছে তারা চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, মিলান বা রিয়াল মাদ্রিদে খেলতে পারে।’
পরশুর দিনটা স্মরণীয় ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্যও। নেশনস কাপে নয় বছরের মধ্যে প্রথম জয় তো কম নয়! অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান সংহত করেছে বাফানা বাফানারা। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। কেপ ভার্দে ও মরক্কোর পয়েন্ট ২ করে। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে অ্যাঙ্গোলা। রয়টার্স।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন