বের করে দেওয়া হলো রাজ্জাককে!
বেচারা আবদুর রাজ্জাক! খেলা দেখতে এসে পড়লেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) সন্দেহের চোখে! খেলা না দেখে পরে অপমানিত হয়ে মাঠ ছেড়ে চলে যেতে হলো জাতীয় দলের এই বাঁহাতি স্পিনারকে।
কাল রাজ্জাক শেখ আবু নাসের স্টেডিয়ামে এসেছিলেন চিটাগং কিংস আর বরিশাল বার্নার্সের খেলা দেখতে। মাঠের পাশে ফটোগ্রাফারদের বসার জায়গার কাছাকাছি গিয়ে মিনিট দশেক খেলা দেখতেই আকসুর (রাজ্জাকের বক্তব্য অনুযায়ী) এক লোক এসে তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। রাজ্জাকের গলায় অ্যাক্রিডিটেশন কার্ড ছিল না, কাজেই তিনি মাঠে থাকতে পারবেন না বলে জানান ওই প্রতিনিধি। অপমানিত রাজ্জাক ক্ষুব্ধ হয়ে ওঠেন এমন আচরণে। রেগেমেগে পরে মাঠ থেকে চলেও যান।
এ ব্যাপারে কাল সন্ধ্যায় ফোনে জানতে চাইলে রংপুর রাইডার্সের অধিনায়ক রাজ্জাকের কণ্ঠে ক্ষোভ ঝরে আবারও, ‘আন্তর্জাতিক ক্রিকেট দেখতে এলেও অনেক সময় আমাদের কার্ড লাগে না। অথচ একটা ঘরোয়া টুর্নামেন্টে আমার সঙ্গে এমন আচরণ করা হলো! এটা খুবই দুঃখজনক।’ রাজ্জাক জানিয়েছেন, স্টেডিয়ামে ঢোকার সময় নিরাপত্তারক্ষী এবং আকসুর লোকজনের সামনে দিয়ে ঢুকলেও তখন তাঁকে কেউ আটকায়নি, ‘আটকালে তখনই আটকাত। আমি চলে যেতাম। মাঠে ঢোকার পর এভাবে বের করে দেওয়া চূড়ান্ত অপমানজনক।’ তবে রাজ্জাকের দাবি, তাঁকে যিনি চলে যেতে বলেছেন, তিনি গেম অনের অভিযোগের ভিত্তিতে এটা করছেন বলে জানালেও কথাটা মিথ্যা। ‘লোকটা আমাকে বলল, আমি মাঠে ঢোকায় গেম অন তাদের কাছে অভিযোগ করেছে। কিন্তু পরে গেম অনের ভারতীয় কর্মকর্তা কাস্টি লাহিড়ীকে এটা নিয়ে জিজ্ঞেস করলে তিনি এ রকম কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন। পরে অবশ্য তিনি আমাকে মাঠে থাকতে বলেছেন। কিন্তু আমি থাকিনি’—বলেছেন রাজ্জাক।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন








A.K.M. Ferdous
২০১৩.০১.২৫ ০৯:৪৫Md.Oliur Rahman
২০১৩.০১.২৫ ১১:৪২
২০১৩.০১.২৫ ১৩:০৫Shirshendu Das
২০১৩.০১.২৫ ১৩:১২