অক্টোবরে বঙ্গবন্ধু কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘ভিশন ২০২২’ ঘোষণা করেছেন সম্প্রতি। জাতীয় দলের জন্য দুজন ডাচ কোচ নিয়োগ দিয়েছেন কদিন আগেই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবার মাঠে নেমেছেন বঙ্গবন্ধু কাপ নিয়ে। এক যুগেরও বেশি সময় ধরে হিমঘরে থাকা এই আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টটি আগামী অক্টোবরে আয়োজনের ঘোষণা দিয়েছেন।
বাফুফের সভাপতি হিসেবে আগের মেয়াদে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারেননি সালাউদ্দিন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্তর্জাতিক টুর্নামেন্ট করবেনই। তবে এত দিন শুধু মুখে মুখেই বলে এসেছেন। গতকালই বাফুফের সভায় আবারও বঙ্গবন্ধু কাপ আয়োজনের ব্যাপারটা অনুমোদন করিয়ে নিয়েছেন।
সালাউদ্দিন আটঘাট বেঁধেই নেমেছেন নতুন মিশনে। বড়মাপের একটা টুর্নামেন্টই করার ইচ্ছে তাঁর, ‘আমি কুয়েত, কাতার, বাইরাইনকে আনতে চাই। হাইপ্রোফাইল এই দলগুলো এলে টুর্নামেন্টের মর্যাদা অনেক বাড়বে। একই সঙ্গে মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও ভারতকেও দাওয়াত করব। আগামী অক্টোবরে ঢাকায় হবে বঙ্গবন্ধু কাপ।’
একটা সময় আগাখান গোল্ডকাপ, প্রেসিডেন্ট গোল্ডকাপ নিয়মিত আয়োজন করত বাফুফে। ১৯৯৬ সালে শুরু হয় বঙ্গবন্ধু কাপ। কিন্তু ১৯৯৯ সালে দ্বিতীয় ও সর্বশেষ বঙ্গবন্ধু কাপ আয়োজন অনেক হাস্যকৌতুকের জন্ম দিয়েছিল। ব্রাজিল থেকে একদল লোক এনে বলা হয়েছিল, এরা নাকি ফুটবলার। দলটি ঢাকায় এসে জার্সি-বুট কিনে খেলতে নামে! সেই প্রহসনের পর বঙ্গবন্ধু কাপ আর হয়নি।
এবার বঙ্গবন্ধু কাপ মাঠে ফেরানোই মূল উদ্দেশ্য নয় সালাউদ্দিনের। তাঁর দৃষ্টিসীমায় ২০২২ কাতার বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণ। কুয়েত, কাতার বা বাইরাইনের মতো দেশগুলোর কাছ থেকে সহায়তা পেতে চান বাফুফে সভাপতি, ‘আমার ইচ্ছা, এই দেশগুলোর কোনো একটিকে আমাদের ভিশন ২০২২-এর সঙ্গে যুক্ত করে ফেলব। তাহলে অনেক সহায়তা পাব। এই দেশগুলোর সঙ্গে আলোচনা করতে আগামী মাসে আমি সফরে বের হব।’
পরিকল্পনা করা সহজ, কিন্তু টাকা কোথায়? এই প্রশ্ন উঠেছিল বাফুফের সভায়। সালাউদ্দিন এখানেও সাহসী। বঙ্গবন্ধু কাপের জন্য সাত-আট কোটি টাকা জোগাড় করে ফেলার আশ্বাস দিয়েছেন সতীর্থদের। ‘দুই ডাচ কোচ ও বঙ্গবন্ধু কাপের জন্য ১৫ কোটি টাকার মতো লাগবে। টাকা আমার হাতে নেই। তাই বসে থাকলে চলবে না’—সালাউদ্দিন আর্থিক ব্যাপারটাকে বড় সমস্যা বলে মনে করছেন না।
কোটি টাকার সুপার কাপ আয়োজন করেই সালাউদ্দিন প্রথম দেখিয়েছেন টাকা জোগাড় তিনি করতে পারেন। কালকের সভার সিদ্ধান্ত, এপ্রিল-মে মাসে মাঠে নামবে তৃতীয় সুপার কাপ। মার্চে ১২ দল নিয়ে স্বাধীনতা কাপ। দুই ডাচ কোচের নিয়োগও অনুমোদন করা হয়েছে এই সভায়। পাশাপাশি বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এত দিন এই পদে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করা আবু নাঈম সোহাগকে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন