বাংলাদেশের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির খসড়া ভারতে অনুমোদন
বাংলাদেশের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির খসড়া অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। খবর ইউএনবির।
আগামী সোম ও মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের বাংলাদেশ সফরের সময় ওই চুক্তি সই হতে পারে। এ ছাড়া ওই সফরের সময় দুই দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রত্যর্পণ চুক্তি সই হলে বাংলাদেশের বন্দী ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্য বিচ্ছিন্নতা-বাদীদের হস্তান্তর করা যাবে। একই সঙ্গে ভারতের জেলে বন্দী বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ও অপরাধীদের ফেরত আনা যাবে।
সফরকালে সুশীল কুমার সিন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন বলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত ডিসেম্বরে ভারত সফর করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন