ঊনসত্তরের শহীদদের স্মরণে আলোচনা সভা
সুস্থধারার ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার তাগিদ
বাঙালির মুক্তিসংগ্রামের অনন্য অধ্যায় ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের ৪৪তম বার্ষিকীতে শহীদদের স্বজন এবং গণ-অভ্যুত্থানে জড়িত ব্যক্তিরা দলীয় লেজুড়বৃত্তি বাদ দিয়ে সুস্থধারার ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার তাগিদ দিলেন। আহ্বান জানালেন মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরবময় ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে জাদুঘর প্রাঙ্গণে ঊনসত্তরের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থানের আগুনঝরা দিনে নিহত হন দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের মিছিলে তৎকালীন ইপিআরের গুলিতে নিহত হন তিনি। গতকালের আলোচনায় স্মৃতিচারণ করেন শহীদ মতিউরের ৯১ বছর বয়সী বাবা আজহার আলী মল্লিক। জানালেন, মতিউরকে তিনি খুঁজে ফেরেন ছবিতে, জাদুঘরে রক্ষিত স্মৃতিচিহ্নে আর নবকুমার ইনস্টিটিউশনের (মতিউর এই স্কুলের ছাত্র ছিলেন) মতিউরের নামাঙ্কিত পাঠাগারে।
ঊনসত্তরের ২০ জানুয়ারি শহীদ হয়েছিলেন আসাদ। তাঁকে হত্যার প্রতিবাদেই ২৪ জানুয়ারি ডাকা হয়েছিল হরতাল। আসাদ ছাত্ররাজনীতিই শুধু করতেন না, লেখাপড়ার পাশাপাশি সংগঠিত করতেন কৃষকদেরও। আজকের ছাত্রদের কাছে তিনি হতে পারেন অনন্য আদর্শ। কিন্তু নতুন প্রজন্মের কজন জানেন এই মহান আদর্শকে? প্রশ্ন করলেন শহীদ আসাদের ছোট ভাই অধ্যাপক এইচ এম মনিরুজ্জামান। বললেন, ‘আসাদ নিজেকে তৈরি করেছিল রাজনীতির জন্য। ওর সামনে আদর্শ ছিল। কিন্তু আজ সেই আদর্শ আর নেই।’
আদর্শের ছাত্ররাজনীতি নেই—স্বীকার করে সেই গণ-অভ্যুত্থানের সৈনিক, সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে যখন জানতে চাই, কারা রাজনীতি করতে আগ্রহী, তখন হাজার খানেকের মধ্যে তিন-চারটা হাত ওঠে। এটা একটা ভয়ানক চিত্র। এমন চলতে থাকলে সংসদ মেধাহীন ও অসৎ মানুষের সংসদে পরিণত হবে। ছাত্রদের অবশ্যই রাজনীতিতে আসতে হবে।’
আসাদুজ্জামান নূর বলেন, স্বীকার করতে দোষ নেই, আমাদেরও পদস্খলন ঘটেছে। আমিও শতভাগ সৎ মানুষ, তা দাবি করি না। সবার বেলায় প্রযোজ্য না হলেও বলতে দ্বিধা নেই, সংসদের গুণগত মান অনেক কমে গেছে।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারোয়ার আলী। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্বরচিত আবৃত্তি চর্চাকেন্দ্র ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন