সাঈদীর বিরুদ্ধে মামলা

যুক্তি উপস্থাপন শেষ হয়নি গতকালও

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবারও আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হয়নি। ২৭ জানুয়ারি (রোববার) যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মামলার সারসংক্ষেপ উপস্থাপন শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় সাঈদী হাজির ছিলেন। আইনজীবী বেলা একটার দিকে সাঈদীর বিরুদ্ধে আনা ১৯টি অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্য বিশ্লেষণ শেষ করেন। এ সময় তিনি তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের নানা অসংগতি তুলে ধরেন।
ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গত বুধবার শেষ করতে বলেছিলেন। কিন্তু ওই দিন আসামিপক্ষের আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আরেক দিন সময় বাড়ান। কিন্তু গতকালও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়নি।
মধ্যাহ্ন বিরতির পর আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ প্রণয়নে আগের জাতীয় সংসদের কার্যবিবরণী তুলে ধরে তিনি বলেন, এই আইন প্রণয়ন করা হয়েছিল ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের জন্য।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম ২৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
গত ৬ ডিসেম্বর এই মামলা যুক্তি উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু স্কাইপ কথোপকথনের জের ধরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করায় ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার এই মামলার সারসংক্ষেপ এবং আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এ জন্য রাষ্ট্রপক্ষকে দুই দিন ও আসামিপক্ষকে তিন দিন নির্দিষ্ট করে দেওয়া হয়। ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ দ্বিতীয়বারের মতো যুক্তি উপস্থাপন শেষ করে, আসামিপক্ষ শুরু করে ২০ জানুয়ারি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন