রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতাসহ চারজন আহত হয়েছেন।
গত বুধবার রাত ১০টার দিকে হায়দরগঞ্জ বাজারের বটতলায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ওই স্থানে পুলিশ অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বটতলায় আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী নাজমুল হোসেনের বাদানুবাদ হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ, তাঁর ভাগনে আরিফুর রহমান, সমর্থক শহিদ উল্যা, মো. তৌহিদ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ওই ইউনিয়নে দীর্ঘদিন ধরে নেতৃত্ব নিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ উল্যা বিএসসি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইজুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গত এক বছরে সাত-আটবার হামলা, সংঘর্ষের ঘটনা এবং পাল্টাপাল্টি কয়েকটি মামলা হয়েছে।
হারুনুর রশিদ বলেন, ‘আমি বটতলায় গেলে নাজমুল লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। এতে আমি ও আমার ভাগনে আহত হয়।’
তবে নাজমুল হোসেন এ অভিযোগ অস্বীকার করে হারুনুর রশিদকে পাল্টা দায়ী করেন।
এ ব্যাপারে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে থানায় কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ ও মামলা করেনি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন