কারখানায় সন্ত্রাসী হামলার অভিযোগ

ফরিদপুর অফিস | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর শহরতলির বদরপুরে অবস্থিত নূর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কারখানার হিসাব কর্মকর্তা জাহিদ হোসেন ও কর্মী ব্যবস্থাপক মোশাররফ হোসেন অভিযোগ করেন, দুপুর দেড়টার দিকে মাসুম আল কায়সার নামে প্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তা সাত-আটজন সন্ত্রাসী নিয়ে কারখানায় হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা তাঁদের দুজনকে মারধর করে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম রুহুল আমিন বলেন, মাসুম আল কায়সার এই প্রতিষ্ঠানে অডিট বিভাগে কাজ করতেন। আর্থিক অনিয়ম করায় তাঁকে গত অক্টোবরে ওই পদ থেকে সরিয়ে দিয়ে একই বেতনে অন্য পদে স্থানান্তর করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে কথা-কাটাকাটি বা বচসার ঘটনা জানা গেছে।
অভিযোগ অস্বীকার করে মাসুম আল কায়সার বলেন, তিনি ওই প্রতিষ্ঠানে অডিটর পদে কর্মরত রয়েছেন। গতকাল তিনি মোটরসাইকেলে করে কারখানায় প্রবেশ করায় কর্মী ব্যবস্থাপক মোশাররফ হোসেন তাঁকে কারখানা থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে মোশাররফকে থাপড় মারেন। মাসুম দাবি করেন, এই কারখানার মালিক নূরুল ইসলাম তাঁর খালু এবং তাঁর বাবা সিদ্দিকুর রহমান কারখানার বাজার পর্যবেক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন