মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা
যুক্তরাষ্ট্রে ডেভিড হেডলির ৩৫ বছরের কারাদণ্ড
ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে সহায়তাকারী ডেভিড হেডলিকে গতকাল বৃহস্পতিবার ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। হেডলি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
শিকাগোর আদালতের বিচারক হ্যারি লেনিনওয়েবার বলেন, ‘যে সাজা আমি দিয়েছি, তাতে আমার বিশ্বাস যে হেডলির জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ বছরগুলো তাঁকে কারাগারেই রাখা যাবে।’ বিচারক জানান, হেডলির মৃত্যুদণ্ড দেওয়া সহজ ছিল এবং তাঁর সেটাই প্রাপ্য; তবে সরকারের একটি পদক্ষেপের কারণে তাঁকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৮ সালের নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সশস্ত্র জঙ্গিদের হামলায় ১৬৬ জন নিহত এবং আরও কয়েক শ মানুষ আহত হয়। ওই হামলা এবং এরপর প্রায় তিন দিনের জিম্মি নাটকের অবসান হয় নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্য দিয়ে। এতে নিহত হয় একজন বাদে সব হামলাকারী।
হামলার পরিকল্পনায় পাকিস্তানি জঙ্গিদের পক্ষে মুম্বাই শহরে খোঁজখবর নেওয়া এবং ডেনমার্কের একটি পত্রিকার কার্যালয়ে হামলার ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন ৫২ বছর বয়সী হেডলি। খোঁজখবর নেওয়া, তথ্য সংগ্রহ এবং হামলার স্থান নির্ধারণে জন্য প্রায় দুই বছর মুম্বাইয়ে ছিলেন মার্কিন পাসপোর্টধারী হেডলি। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন