সম্মুখযুদ্ধে লড়বেন মার্কিন নারী সেনারা
সম্মুখসমরে মার্কিন নারী সেনাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।
ওই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধসেনা ইউনিট এবং এলিট কমান্ডোতে হাজার হাজার নারীর পদ সৃষ্টি হবে। তবে সামরিক বাহিনী ২০১৬ সাল পর্যন্ত কিছু বিশেষ পদে নারীদের নিয়োগ দেওয়া বন্ধ রাখার পক্ষে যুক্তি দিয়েছে। ১৯৯৪ সালে মার্কিন যুদ্ধসেনার ইউনিটে নারীদের নিয়োগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
পেন্টাগনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নতুন পদক্ষেপটি এমন এক প্রক্রিয়ার সূচনা করেছে, যেখানে সামরিক বাহিনী সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নিতে পারবে। জয়েন্ট চিফস অব স্টাফের সুপারিশের ভিত্তিতেই প্রতিরক্ষামন্ত্রী ওই সিদ্ধান্ত নিয়েছেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘নতুন পদক্ষেপ বাস্তবায়নে প্রাথমিক পরিকল্পনার বিষয়ে জয়েন্ট চিফস অব স্টাফকে ১৫ দিনের মধ্যে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টার কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
আশা করা হচ্ছে, নারীদের জন্য সম্মুখসমরের কিছু দায়িত্ব এ বছরই উন্মুক্ত করা হবে। তবে নেভি সিলস ও ডেল্টা ফোর্সের মতো বিশেষ বাহিনীতে নারীদের পদ সৃষ্টি করতে আরও সময় লাগবে। সিদ্ধান্তটি কার্যকর হলে নারীদের জন্য দুই লাখ ৩০ হাজার পদ সৃষ্টি হবে। বিবিসি ও রয়টার্স।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন