এক্সপ্রেস মানি ৫৭ কোটি ডলার প্রবাসী আয় পৌঁছে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বৈদেশিক মুদ্রা স্থানান্তরকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি গত বছর বাংলাদেশে ৫৭ কোটি ডলার প্রবাসী-আয় পৌঁছে দিয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে সারা পৃথিবীতে যে পরিমাণ অর্থ স্থানান্তর হয়, তার ৬ থেকে ৭ শতাংশই বাংলাদেশে আসে।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সুদেশ গিরিয়ান, বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক শামীম ইফতেখার প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতি প্রবাসী বাংলাদেশি বছরে গড়ে এক হাজার ৬৭২ ডলার দেশে পাঠান। ২০১২ সালে প্রায় এক হাজার ৪১৭ কোটি ডলার এসেছে।
এক্সপ্রেস মানি গত বছর বাংলাদেশে এক লাখ ৮০ হাজার লেনদেন সম্পন্ন করেছে। মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, মালয়েশিয়া থেকে সিংহভাগ প্রবাসী-আয় এসেছে। আর বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নোয়াখালী, মুন্সিগঞ্জ, ফেনী ও গাজীপুর এলাকায় প্রবাসী-আয়প্রবাহ সবচেয়ে বেশি।
সুদেশ গিরিয়ান বলেন, বাংলাদেশে ৪৯টি ব্যাংক ও এনজিওর মাধ্যমে প্রবাসী-আয় আনছে এক্সপ্রেস মানি। এ জন্য দুবার মাশুল দিতে হয় না। প্রেরক বা প্রাপক মাশুল দিলেই হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন