বোতলজাত তেলের দাম না বাড়ানোর দাবি

আবারও দাম কমানোর আশ্বাস মিল-মালিকদের

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভোজ্যতেলের দাম বাড়ানোর কথা স্বীকার করে তা কমানোর আশ্বাস দিয়েছেন মিল-মালিকেরা। আর সেই প্রতিশ্রুতি আবার বিশ্বাস করেছে সরকার।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক সূত্রে এ আশ্বাস-বিশ্বাসের কথা জানা গেছে।
বৈঠকে অতিরিক্ত বাণিজ্যসচিব কমলকৃষ্ণ ভট্টাচার্য, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ সাত মিল-মালিকের প্রতিনিধি, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা শীতের কথা উল্লেখ করেছেন। তাঁরা বলেন, শীতের কারণে সরবরাহে সমস্যায় হওয়ায় দাম বাড়ানো হয়েছে। এই সুযোগ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। ব্যবসায়ীরা আরও দাবি করেন, বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়েনি, বেড়েছে খোলা তেলের দাম।
বৈঠকে উপস্থাপিত তথ্যমতে, দেশে বর্তমানে এক লাখ ৬৯ হাজার টন অপরিশোধিত ভোজ্যতেল মজুত রয়েছে। এর মধ্যে পাম তেল এক লাখ ২৩ হাজার টন এবং সয়াবিন ৪৬ হাজার টন।
এতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মূল্য পর্যালোচনা, কারখানার প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসাব করে বাংলাদেশ ট্যারিফ কমিশন দেখেছে, প্রতি লিটার ভোজ্যতেলের দাম হওয়া উচিত ১১৫ টাকা। কিন্ত ওই তেল বাজারে বিক্রি হচ্ছে ১২৮ থেকে ১২৯ টাকায়।
বৈঠকে পরিবেশক-প্রথা পুরোপুরি কার্যকর না হওয়া, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুযায়ী ভোজ্যতেল বিক্রি না হওয়া এবং খোলা তেল বিক্রির পরিবর্তে বোতলে বিক্রির প্রতিশ্রুতি রক্ষা না করার কারণ ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে কেউই সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন