স্পেনে এখন আধুনিক যুগের সর্বোচ্চ বেকারত্ব চলছে
স্পেনে এখন আধুনিক যুগের সর্বোচ্চ বেকারত্ব চলছে। বিশেষ করে দেশটির ৫৫ শতাংশের বেশি যুবক বেকার রয়েছে।
সরকারি উপাত্ত অনুযায়ী, ২০১২ সালের শেষ প্রান্তিক বা তিন মাসে স্পেনে সার্বিকভাবে বেকারত্বের হার ১ শতাংশ বেড়ে ২৬ শতাংশে উঠেছে। এর ফলে দেশটিতে মোট বেকারের সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ৭০ হাজার। আর এটি হচ্ছে গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ বেকারত্বের রেকর্ড।
অর্থনৈতিক মন্দা দীর্ঘায়িত হতে থাকায় এবং ব্যাপক হারে ব্যয় কাটছাঁটের কারণেই মূলত বেকারত্ব বাড়ছে। খবর বিবিসির।
কর্মসংস্থানের প্রকট অভাবে দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সী যুবকেরাই সবচেয়ে বেশি সমস্যার মুখে রয়েছে।
গত বছরের শেষ প্রান্তিকে ওই দেশে যুব সম্প্রদায়ের ৫৫ দশমিক ১৩ শতাংশই এখন বেকার। এর আগের তিন মাসে অবশ্য এ হার ছিল ৫২ দশমিক ৩৪ শতাংশ।
স্পেনে সম্পদ খাতে বিপর্যয়ের কারণে একদিকে যেমন স্বল্প দক্ষতাসম্পন্ন লাখ লাখ কর্মী বেকার হয়ে পড়ে, অন্যদিকে ভোক্তার আস্থা ও ব্যবসা-বাণিজ্য কমে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নিম্নগামিতা শুরু হয়। অর্থাৎ মন্দা ত্বরান্বিত হয়।
বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপের বিশ্লেষক হোসে লুইস মার্টিনেজ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এখনো তলানির অবস্থা দেখিনি। চলতি বছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান আরও কমবে।’
স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (এনএসআই) পরিবেশিত উপাত্তে দেখা যায়, দেশটির বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গড় হারের চেয়ে বেশি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন