শিরোনাম:

চলতি বছর প্রথমবারের মতো ডিএসইতে ২০০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর ফলে চলতি বছর এই প্রথম ঢাকার বাজারে লেনদেন ২০০ কোটি টাকা ছাড়াল। এর আগে সর্বশেষ ২০১২ সালের ৩০ ডিসেম্বর ডিএসইতে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর চলতি বছরের ১৭ কার্যদিবসের প্রতিদিনই লেনদেনের পরিমাণ ছিল ২০০ কোটির কম।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর ইতিবাচক মন্তব্য গতকাল বাজারে লেনদেন বৃদ্ধিতে সহায়তা করেছে। মন্ত্রী পুঁজিবাজারকে ‘ইম্পোর্টেন্ট প্লেয়ার’ হিসেবে আখ্যায়িত করেছেন।
গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পুঁজিবাজার যথেষ্ট পুঁজি সরবরাহ করছে। সেদিক থেকে নিশ্চয়ই অগ্রগতি হয়েছে। এখন পুঁজিবাজার একটি ইম্পোর্টেন্ট প্লেয়ার। তাই এর পরিবর্তন নিশ্চিত।’ একই সঙ্গে তিনি পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে এদিন লেনদেনে একক আধিপত্য বিস্তার করেছে বস্ত্র খাত। এই খাতের লেনদেন হওয়া ২৫টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২২ শতাংশ। এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩টিরই দাম বেড়েছে।
এ ছাড়া খাতভিত্তিক লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ভ্রমণ ও অবকাশ খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১০ শতাংশ ছিল এ খাতের দুটি কোম্পানির।
এদিকে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম দুই ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে চার হাজার ১৮৮ পয়েন্টে ওঠে। এরপর সূচক কিছুটা কমলেও দিন শেষে তা আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বাড়তিই ছিল।
ঢাকার বাজারে গতকাল ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট বেড়ে হয়েছে ১২ হাজার ৭২৯ পয়েন্ট। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

tanvirtogor

tanvirtogor

২০১৩.০১.২৬ ০৪:১৪
THANK YOU SIR

mamun

mamun

২০১৩.০১.২৬ ১২:৩৯
good for Nothing