রবীন্দ্রসংগীত নিয়ে রুমানা
আধুনিক গান ও দেশের গানের অ্যালবামের পর এবার রবীন্দ্রসংগীতের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।
সামনের সপ্তাহেই রুমানার রবীন্দ্রসংগীতের অ্যালবামটি বাজারে আসছে। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘সখা প্রাণের মাঝে আয়’। এটি রুমানা ইসলামের পঞ্চম একক অ্যালবাম হলেও রবীন্দ্রসংগীতের প্রথম অ্যালবাম।
এ প্রসঙ্গে রুমানা বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীত আমার খুব প্রিয়। আমার বাবা খান আতাউর রহমান প্রায়ই আমাকে রবীন্দ্রসংগীত গেয়ে শোনাতেন। এভাবেই রবীন্দ্রনাথের গানের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা তৈরি হয়। আসলে রবীন্দ্রনাথের গানের কথা ও সুরে যে প্রেম আছে, তা-ই মূলত আমাকে একটি পূর্ণাঙ্গ রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার আগ্রহী করে তোলে।’
‘সখা প্রাণের মাঝে আয়’ অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। এর মধ্যে আটটি গানের সংগীতায়োজন করেছেন কলকাতার অমিত ব্যানার্জি। আর একটি গানের সংগীতায়োজন করেছেন বাংলাদেশের আহমেদ ইমতিয়াজ বুলবুল।
অ্যালবামের গানগুলো হচ্ছে ‘পুরোনো সেই দিনের কথা’, ‘তোমায় গান শোনাব’, ‘আমি তোমার প্রেমে হব কলঙ্কিনী’, ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে’, ‘জানি জানি তুমি এসেছ এ পথে মনেরও ভুলে’, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’, ‘তুমি রবে নীরবে’, ‘সখি ভাবনা কাহারে বলে’ ও ‘কতবারও ভেবেছিনু’।
রবীন্দ্রসংগীতের অ্যালবামটি প্রসঙ্গে রুমানা ইসলাম আরও বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন এ অ্যালবামকে ঘিরে। অবশেষে সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে। নতুন সংগীতায়োজনে রবীন্দ্রনাথের গানগুলো সবারই ভালো লাগবে।’
সখা প্রাণের মাঝে আয় অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে রুমানার প্রথম দেশাত্মবোধক গানের অ্যালবাম ‘ভালোবাসি মাগো তোকে’ বাজারে আসে। আর অন্য তিনটি অ্যালবাম ছিল আধুনিক গানের। অ্যালবামটি উত্সর্গ করা হয়েছে সব বাংলা ভাষাভাষীকে, যাদের সঙ্গে রবীন্দ্রনাথের এক চিরন্তন যোগসূত্র রয়েছে।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







Ratan Jyoti
২০১২.০৪.২২ ১৪:৫৯