সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্দোলন চলছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আবদুল কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আন্দোলন চলছেই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো দিয়েই শাহবাগের গণবিক্ষোভের সূচনা হয়।
গতকাল শুক্রবারও বাংলাদেশিদের ফেসবুক পাতা এবং বিভিন্ন বাংলা ব্লগে আলোচনার প্রধান বিষয় ছিল শাহবাগের আন্দোলন। অনেকে ফেসবুকে লিখেছেন শাহবাগে উচ্চারিত বিভিন্ন জনপ্রিয় স্লোগান: ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার’।
ফেসবুক ব্যবহারকারীরা গতকাল শাহবাগের মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘চল চল শাহবাগ’, ‘জেগেছে মানুষ, শাহবাগ মোড়ে আসুন’, ‘ফাঁসি ছাড়া আন্দোলন থামবে না’, ‘চলে আসুন শাহবাগের সমাবেশে’, ‘এসো আলোর মিছিলে’—এ রকম অনেক কথা। এক শিক্ষার্থী লিখেছেন, ‘তিনটায় চলে আসুন শাহবাগ স্কয়ারে...দেখা যাক কী হয়...প্রাণ যাবে কিন্তু আমাদের নীতিতে আমরা অবিচল...এক দফা এক দাবি, রাজাকারের ফাঁসির দাবি।’
লেখার পাশাপাশি তোলা হচ্ছে শাহবাগের আন্দোলনের ছবিও। কেউ কেউ দিচ্ছেন রাজাকারদের ফাঁসির কার্টুন। শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা দেখিয়ে অনেক প্রবাসী বাংলাদেশি মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি করছেন। বেলজিয়াম-প্রবাসী শাহেদ ইব্রাহীম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘শরীর দেশের বাইরে, মন শাহবাগে।’
বাংলা ব্লগ সামহোয়্যারইনে ইরফানুর রহমান লিখেছেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস’ শিরোনামের একটি লেখা।
আমার বন্ধু নামের ব্লগে ইস্তেজা নামের এক ব্লগারের একটি লেখার শিরোনাম, ‘জেগে ওঠো বাংলাদেশ, প্রতিরোধের এই তো সময়, দাবি একটাই, সব রাজাকারের ফাঁসি চাই’।
প্রথম আলো ব্লগে মেহেদি রাসেল লিখেছেন, ‘শাহবাগ যেন বাংলাদেশের হূদয়।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন