সিরিয়ায় বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার পক্ষে প্যানেট্টা
লিওন প্যানেট্টা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা প্রথমবারের মতো স্বীকার করেছেন, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করার প্রস্তাবকে সমর্থন করেন তিনি।
কংগ্রেসে দেওয়া এক সাক্ষ্যে প্যানেট্টা বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারীদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করার পরিকল্পনার প্রতি তাঁর সমর্থন রয়েছে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সিআইএর প্রধান ডেভিড পেট্রাউস বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের এই প্রস্তাব করেছিলেন। তবে হোয়াইট হাউসের প্রত্যাখ্যানের কারণে সেই প্রস্তাব তখন আলোর মুখ দেখেনি। যুক্তরাষ্ট্র সরকার জানিয়ে দেয়, সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কূটনৈতিক সমর্থন ছাড়া অন্য কোনো সহযোগিতা নেই।
২০১২ সালের সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ব্যাপারে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে সাক্ষ্য দেন প্যানেট্টা। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সরে দাঁড়ানোর আগে কংগ্রেসে এটাই তাঁর সর্বশেষ সাক্ষ্যদান।
সূত্র জানায়, সাক্ষ্য গ্রহণকালে প্যানেট্টাকে সিরিয়া বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন তাঁকে সরাসরি জিজ্ঞেস করেন, তিনি (প্যানেট্টা) হিলারির প্রস্তাবকে সমর্থন করেন কি না? জবাবে প্যানেট্টা সম্মতিসূচক মাথা নেড়ে বলেন, ‘আমি সমর্থন করি।’ প্যানেট্টার সাক্ষ্যদান শেষে ম্যাককেইন তাঁর (প্যানেট্টা) সম্মতির ব্যাপারে টুইটারে মন্তব্য করেন, ‘অদ্ভুত।’
সিরিয়া পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের নিষ্ক্রিয় ভূমিকার জবাবে হিলারি ও পেট্রাউস বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র সরবরাহের প্রস্তাব করেছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে সেই পরিকল্পনা বেশি দূর এগোয়নি। ওয়াশিংটনের আশঙ্কা, এই অস্ত্র আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিদের হাতে চলে যেতে পারে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২২ মাসের সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার লোক নিহত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে প্রায় সাত লাখ মানুষ। সংস্থাটি বলছে, এভাবে সহিংসতা অব্যাহত থাকলে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।
প্যানেট্টার উত্তরসূরি হিসেবে মনোনীত হয়েছেন চাক হেগেল। কিন্তু সাবেক এই রিপাবলিকান সিনেটরের চূড়ান্ত মনোনয়নের ভোটাভুটির তারিখ এখনো নির্ধারিত হয়নি। বিবিসি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






