ছয় কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

অনলাইন ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
‘জঞ্জির’ ছবির পোস্টার

‘জঞ্জির’ ছবির পোস্টার

কোনো রকম অনুমতি না নিয়েই ‘জঞ্জির’ ছবির রিমেক তৈরির কাজ শুরুর করায় নির্মাতাদের ওপর দারুণ চটেছেন ছবিটির মূল চিত্রনাট্যকার ও বলিউডের অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ছয় কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন বলিউডের বর্ষীয়ান এ চিত্রনাট্যকার ও অভিনেতা। গতকাল বৃহস্পতিবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।

১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘জঞ্জির’ ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে রচনা করেছিলেন সেলিম খান ও জাভেদ আখতার। প্রকাশ মেহরার পরিচালনায় অমিতাভ ও জয়া বচ্চন অভিনীত ছবিটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ‘জঞ্জির’ রিমেক প্রযোজনা করছেন প্রকাশ মেহরার ছেলে অমিত মেহরা। ‘মিশন ইস্তাম্বুল’খ্যাত বলিউডের চিত্রনির্মাতা অপূর্ব লাখিয়ার পরিচালনায় গত বছরের ডিসেম্বরে এর শুটিং শুরু হয়েছে। হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি নির্মিত হচ্ছে।

শুরু থেকেই কপিরাইট এবং রয়্যালটি নিয়ে বিতর্কের মুখে পড়ে ‘জঞ্জির’ রিমেক। এবারে সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন সেলিম খান। তিনি ছবিটির হিন্দি সংস্করণের জন্য তিন কোটি রুপি এবং তেলেগু সংস্করণের জন্য তিন কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।
এ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘আমাদের লেখা গল্প এবং চিত্রনাট্য থেকে জঞ্জির ছবির রিমেক তৈরি করা হচ্ছে। তাই সম্মানী পাওয়ার অধিকার অবশ্যই আমাদের আছে। অথচ কাজ শুরুর আগে অনুমতি নেওয়া তো দূরের কথা, আমাদের সম্মানী প্রদানের প্রয়োজনীয়তাও অনুভব করেননি ছবিটির নির্মাতারা। শুটিং শুরুর আগে তাঁদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। কিন্তু সম্মানীর বিষয়টিকে তাঁরা মোটেও পাত্তা দেননি। এসব কারণে সম্প্রতি আমি ছয় কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছি।’

মূল ‘জঞ্জির’ ছবিতে ইন্সপেক্টর বিজয় খান্না ও মালা চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ‘জঞ্জির’ রিমেকে চরিত্র দুটিতে দেখা যাবে প্রখ্যাত তেলেগু অভিনেতা চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা ও প্রিয়াংকা চোপড়াকে। ছবিটিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সনু সুদ, প্রকাশ রাজ, মাহি গিল প্রমুখ। ছবিটি আগামী ১০ মে মুক্তি পাবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন