আবারও অ্যাপলের লক্ষ্য পূরণ হলো না
পর পর তিন প্রান্তিক বা নয় মাস সময়ে নির্দিষ্ট পরিমাণ লাভের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অ্যাপল। আইফোন ও আইপ্যাডের বিক্রি কমে যাওয়ায় অ্যাপলের এ ব্যর্থতা। খবর রয়টার্সের।
ওয়াল স্ট্রিটের প্রযুক্তিবিশ্লেষকেরা প্রতি প্রান্তিকে অ্যাপলের আয়ের যে লক্ষ্যের পূর্বাভাস দিয়েছিলেন, আয়ের দিক থেকে তার চেয়ে পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি পণ্যের বাজারে অ্যাপল পিছিয়ে পড়ছে বলেই অ্যাপল-ভক্তদের মনে সংশয় তৈরি হয়েছে।
গতকাল বুধবার অ্যাপলের কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে চার কোটি ৭৮ লাখ আইফোন বিক্রি করেছে অ্যাপল, যা ২০১১ সালের তুলনায় ২৯ শতাংশ বেশি। তবে বাজার-বিশ্লেষকদের পূর্বাভাস, পাঁচ কোটি ইউনিটের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অ্যাপল। তবে ওই প্রান্তিকে অ্যাপল রেকর্ড ১৩১ কোটি মার্কিন ডলার লাভ ঘরে তুলেছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে।
গ্লোবাল ইকুইটিস রিসার্চের গবেষকেদের পরামর্শ, প্রযুক্তির বাজারে অবস্থান ধরে রাখতে নতুন পণ্য উদ্ভাবন করতে হবে অ্যাপলকে।
এদিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অ্যাপল-সংক্রান্ত গুজবে কান না দিতেই পরামর্শ দিয়েছেন। আইফোন ও আইপ্যাড বিক্রি কমেছে—এ ধরনের গুজব অস্বীকার করেছেন তিনি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






