প্রথম ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের বাৎসরিক আয় ছুঁয়েছে ৫০০ মিলিয়ন ইউরো!
নতুন মাইলফলকে রিয়াল মাদ্রিদ
স্পেনে নাকি ভয়াবহ আর্থিক মন্দা চলছে। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার বাৎসরিক আয় দেখে কে বলবে তা! কাল ২০১১-১২ আর্থিক বছরের ‘ফুটবল মানি লিগ’ তালিকা প্রকাশ করেছে ডেলোইট। বাণিজ্য পরামর্শক সংস্থাটির হিসাবে, এবারও সবচেয়ে বেশি আয় দুই স্প্যানিশ দৈত্যের। সেটাও তিনে থাকা ক্লাবের চেয়ে অনেক এগিয়ে থেকে! নিজ দেশ আর মহাদেশের সেরা টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপার রেকর্ডধারী রিয়াল বড় এক মাইলফলক ছুঁয়েছে অর্থের খেলায়ও। যেকোনো খেলার প্রথম ক্লাব হিসেবে ছুঁয়েছে ৫০০ মিলিয়ন ইউরো বাৎসরিক রাজস্ব!
এ নিয়ে টানা আট বছর আয়ের দিক থেকে এক নম্বর রিয়াল। আর রিয়াল-বার্সা সেরা দুই হলো টানা চতুর্থ বছর। লা লিগার শিরোপা ফিরে পাওয়া রিয়ালের রাজস্ব আয় আগের বছরের চেয়ে বেড়েছে ১০ শতাংশ। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা ধরে রাখতে না পারলেও বার্সার রাজস্ব বেড়েছে ৭ শতাংশ। আগের মতোই তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠতেই ব্যর্থতা ও প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে না পারায় চ্যালেঞ্জ জানাতে পারেনি বার্সার আয়কে।
টানা পঞ্চমবারের মতো অপরিবর্তিত তালিকার শীর্ষ ছয়। ৪৪ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জয় ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো এনেছে সেরা দশে। এক লাফে পাঁচ ধাপ এগিয়ে সিটি উঠে এসেছে সাতে। পাঁচ ধাপ এগিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড (১১) ও নাপোলিও (১৬)। তবে ৫১ শতাংশ রাজস্ব বৃদ্ধিই বলে দিচ্ছে সিটির লাফটা কত বড়! সিটিকে সাতে জায়গা দিয়ে এক ধাপ নিচে নেমেছে এসি মিলান। তিন ধাপ এগিয়ে দশে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ইন্টার মিলান নেমে গেছে আট থেকে বারোতে।
স্প্যানিশ ফুটবলে টিভি স্বত্ব থেকে রিয়াল-বার্সার আয়ের সঙ্গে অন্য ক্লাবগুলোর বৈষম্য স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে ডেলোইটের তালিকা। সেরা দুইয়ে এই দুই দল, কিন্তু শীর্ষ বিশে নেই আর কোনো স্প্যানিশ ক্লাব! ভ্যালেন্সিয়া ছিল গত বছর, এবার তাদের সরিয়ে সেখানে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। শীর্ষ বিশের সাত ক্লাবই ইংল্যান্ডের, ইতালির পাঁচটি, জার্মানির চারটি আর ফ্রান্সের দুটি। শীর্ষ বিশ ক্লাবের সম্মিলিত আয় বড়েছে ১০ শতাংশ। অর্থনৈতিক মন্দার এই সময়েও ফুটবলের বাজার এমন চাঙা থাকায় বিস্মিত ডেলোইটের স্পোর্টস বিজনেস গ্রুপ পার্টনার ড্যান জোনস, ‘আমাদের বিশ্লেষণ শুরুর (১৯৯৬-৯৭) বছর থেকে এ বছরে শীর্ষ বিশের আয় বেড়েছে চার গুণ!’ ওয়েবসাইট।
আয়ে সেরা ১০
মিলিয়ন ইউরো
১. রিয়াল মাদ্রিদ ৫১২.৬
২. বার্সেলোনা ৪৮৩
৩. ম্যান. ইউনাইটেড ৩৯৫.৯
৪. বায়ার্ন মিউনিখ ৩৬৮.৪
৫. চেলসি ৩২২.৬
৬. আর্সেনাল ২৯০.৩
৭. ম্যানচেস্টার সিটি ২৮৫.৬
৮. এসি মিলান ২৫৬.৯
৯. লিভারপুল ২৩৩.২
১০. জুভেন্টাস ১৯৫.৪
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







