মারাকানায় পেলের মূর্তি

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মারাকানা যদি ব্রাজিল ফুটবলের তীর্থভূমি হয়, পেলে তাহলে দেবতা। এবার এই দেবতাকে তীর্থভূমিতে চিরস্থায়ী আসন দেওয়া হচ্ছে। ব্রাজিলের বিখ্যাত এই স্টেডিয়ামে পেলের পূর্ণ আকৃতির ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপন করা হচ্ছে। আগামী জুনে উন্মুক্ত করা হবে মূর্তিটি। পেলের খেলোয়াড়ি জীবনের অসংখ্য স্বর্ণালি মুহূর্তের একটি রূপায়িত থাকবে এই ভাস্কর্যে। ১৯৭০ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচটিতে পেলে একটি গোল করেছিলেন। সেই গোলটির ছবিগুলো দেখেই এই মূর্তি বানাচ্ছেন ব্রাজিলের খ্যাতনামা ভাস্কর ইকু। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।
নতুনভাবে ঢেলে সাজানো ৭৯ হাজার আসনের মারাকানা স্টেডিয়ামের পুনরুদ্বোধন ২ জুন। এই উপলক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইংল্যান্ড। একই সঙ্গে উন্মোচন করা হবে ৩০০ কেজি ওজনের পেলের মূর্তিটিও। এর কিছুদিন পর আরও কয়েকটি বিশ্বকাপ ভেন্যু নিয়ে হবে কনফেডারেশনস কাপ। মূর্তিটি কেমন হয় সেটা দেখার কৌতূহল আছে খোদ পেলেরও। তিনি নিজেও এখনো দেখেননি। তবে মূর্তিটি সম্পর্কে আগাম কিছু ধারণা দিচ্ছেন এর আগে ব্রাজিলে মাইকেল জ্যাকসনের মূর্তি বানানো ইকু, ‘এটা হুবহু পেলের মতো হবে না। এটি হবে সেই গোল করার পর পেলের সেই মুহূর্তটিকে নিজের অভিব্যক্তি দিয়ে দেখা। আমি আমার কাজকে বলি ক্যারিস্কাল্পচার। কারণ আমি ক্যারিকেচারে দক্ষ। আমার স্বপ্ন ছিল কোনো একজন তারকার ভাস্কর্য বানাব। বিশ্বকাপের এক বছর আগে মারাকানায় পেলেকে নির্মাণ করা আমার সেই স্বপ্নপূরণ।’ এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন