অস্বস্তি নিয়ে সেমিতে রিয়াল
ম্যাচের তখন ১৫ মিনিট। জটলার মধ্যে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আরবেলোয়ার লাথি লেগে যায় নিজের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের বাঁ হাতে। মিনিট দুয়েক পরেই মাঠ ছাড়েন রিয়াল গোলরক্ষক। পরে জানা গেল, বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় ক্যাসিয়াস মাঠের বাইরে চলে গেছেন অন্তত ছয় সপ্তাহের জন্য। আগামী ১৩ ফেব্রুয়ারি মাদ্রিদে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে খেলতে পারবেন না। ৫ মার্চ ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে খেলাটাও যথেষ্টই সংশয়াচ্ছন্ন।
ভ্যালেন্সিয়ার মাঠে পরশুর ম্যাচটিতে ছিল ঘটনার ঘনঘটাই। ক্যাসিয়াস চোট পেয়েছেন, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালের ফ্যাবিও কোয়েন্ত্রাও ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে। তবে নয়জনের দল নিয়েও মেস্তায়ায় ১-১ গোলে ড্র করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় উঠে গেছে সেমিফাইনালেও। এত সব দুঃসংবাদের ভিড়ে আপাতত জয়ের স্বস্তিই পাচ্ছেন কোচ হোসে মরিনহো।
ম্যাচের ৪৪ মিনিটে গোল করে লস ব্লাঙ্কোসদের নিরাপদ দূরত্বে নিয়ে যান করিম বেনজেমা। ভ্যালেন্সিয়ার টিনো কস্তা সমতা আনতে পারলেও তাতে কোনো লাভ হয়নি।
গতবারের মতো এবারও সেমিফাইনালে আরেকটি ‘এল ক্লাসিকোর’ অপেক্ষায় এখন ফুটবল অনুরাগীরা। সেটি হচ্ছে কি না, তা জানা হয়ে গেছে গতকাল রাতেই। ন্যু ক্যাম্পে ড্রয়ের পর কাল মালাগার মাঠে তাদের মুখোমুখি হয়েছিল বার্সা। এএফপি, ওয়েবসাইট।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







