মিথ্যাচারে বিভ্রান্ত না হতে শিক্ষামন্ত্রীর আহ্বান
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের
চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বানে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ঐক্যজোটের নেতারা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বলেছেন, বর্তমান সরকার গত চার বছরে বেসরকারি শিক্ষকদের যে সুযোগ-সুবিধা দিয়েছে, বিগত কোনো সরকারই তা করেনি। ২৮ বছর ধরে শিক্ষকেরা ১০০ টাকা বাড়িভাড়া এবং ১৫০ টাকা চিকিৎসা ভাতায় চলছেন। ১ জানুয়ারি থেকে সরকার তাঁদের বাড়িভাড়া পাঁচ গুণ এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ বাড়িয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, যাঁরা ক্ষমতায় থাকাকালে শিক্ষক-কর্মচারীদের জন্য এক টাকাও বৃদ্ধি করেননি, তাঁদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। তিনি ক্লাসে ফিরে যেতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী গতকাল ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষক-কর্মচারীদের প্রতি এ আহ্বান জানান। কলেজের সভাপতি শাহানারা আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন ও উপাধ্যক্ষ আবদুল মালেক বক্তৃতা করেন।
শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকেরা অংশ নেন। প্রায় দিনভর ওই কর্মসূচি চলাকালে প্রেসক্লাব-সংলগ্ন এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। দুপুরের দিকে সমাবেশস্থলে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষামন্ত্রী কিছু সুবিধাবাদী ও নিজের পকেটের নেতাদের নিয়ে বাড়িভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন, অথচ এসব দাবি শিক্ষকেরা করেননি।







zahiruddin mahmud
২০১৩.০১.২৫ ০৮:০৯