একনজরে

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জাল জব্দ
বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা জাল জব্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের নিদ্রা-সকিনা ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মো. জলিল বলেন, ওই দিন দিবাগত রাত একটা থেকে গত বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়েছে।  আমতলী (বরগুনা) প্রতিনিধি

সনদ বিতরণ
কুষ্টিয়ায় কম্পিউটারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীকে সনদপত্র দেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ওই নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ঢাকার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদ বিতরণ করেন।  কুষ্টিয়া অফিস

মাদকসেবনের দায়ে
বগুড়ার শেরপুর উপজেলায় মাদকসেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে ইউএনও মাহমুদুল আলম এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের গতকাল বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) নন্দিতা সরকার বলেন, বুধবার সকালে উপজেলার রানীনগরসহ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বিএনপির গণস্বাক্ষর
রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির ৪৬ জন নেতা-কর্মীর মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল গণস্বাক্ষর শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের কাছ থেকে এ স্বাক্ষর নেওয়া হচ্ছে। উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গত ডিসেম্বরে তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। ওই মামলায় সংগঠনের ৪৬ জন নেতা-কর্মী কারাগারে রয়েছেন।  বাগমারা (রাজশাহী) প্রতিনিধ

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন