ফেনীতে শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধর্মঘটরত শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদে ফেনীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
জেলা শিক্ষক সমিতি সূত্র জানায়, সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে ১২ জানুয়ারি থেকে অবিরাম ধর্মঘট করে আসছেন।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী শিক্ষকদের ১৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের মূল দাবিগুলো পাশ কাটিয়ে বাড়িভাড়া বাবদ ১০০ টাকার স্থলে ৫০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০ টাকার স্থলে ৩০০ টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর এ ঘোষণার প্রতিবাদে গতকাল সকালে ধর্মঘটি শিক্ষকেরা ফেনী জেলা শিক্ষক সমিতির কার্যালয় চত্বরে এক সমাবেশে যোগ দেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলটি আবার শহরের সমিতি কার্যালয়ের সামনে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হক, সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঁঞা, সহসভাপতি আলী হায়দার, অধ্যক্ষ মমিনুল হক, এ কে এম সিরাজ উদ্দিন, মোমেনুল হক, আবদুস সালাম প্রমুখ। বক্তারা শিক্ষামন্ত্রীর ঘোষণাকে শিক্ষকদের সঙ্গে প্রহসন ও বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও ধর্মঘট চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করছেন, সরকার শিক্ষার মান বাড়ানো এবং শিক্ষার্থীদের সময়মতো পাঠদান ও পাঠ্যক্রম শেষ করার জন্য বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। কিন্তু বছরের শুরুতেই শিক্ষকেরা শুরু করেছেন অবিরাম ধর্মঘট। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






