চিকিৎসকদের কর্মবিরতি
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে গতকাল বৃহস্পতিবার চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন। শিশুবিশেষজ্ঞ মতিউর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করা হয়। এ সময় রোগী দেখাসহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ ছিল।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন। এ সময় হাসপাতালের বহির্বিভাগে আসা রোগী দেখা থেকে চিকিৎসকেরা বিরত থাকেন। তখন বহির্বিভাগের টিকিট কাটাও বন্ধ ছিল। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা দুর্ভোগে পড়েন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্র জানিয়েছে, ১৬ জানুয়ারি মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মতিউর রহমানকে হাসপাতালে কর্মরত অবস্থায় দুই ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করা হলেও অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য বিএমএর পক্ষ থেকে গত বুধবার (২৩ জানুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
কাল শনিবারও এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






