মির্জা ফখরুলের মুক্তির দাবি

কুমিল্লায় বিএনপির আধা বেলা হরতাল পালিত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ও নেত্রকোনা প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একটি অংশ হরতাল পালন করেছে। এদিকে নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ মো. জালাল উদ্দিন তালুকদারের হত্যাকারীদের বিচারের দাবিতে জেলার দুর্গাপুরে অর্ধদিবস হরতাল করেছে জালাল তালুকদার হত্যা প্রতিবাদ পরিষদ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুটি অংশ গতকাল পৃথক কর্মসূচি পালন করে। একটি অংশ নগরের ১৮টি ওয়ার্ডে হরতাল করে। অপর অংশটি সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের কলেজ সড়ক বন্ধ রেখে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। দুই পক্ষের কর্মসূচির কারণে নগরের কান্দিরপাড় এলাকার সব দোকানপাট বন্ধ থাকে। কোনো ধরনের যানবাহন চলাচল না করায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী বলেন, ‘জনগণ সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণই রাজপথ দখল করে মির্জা ফখরুলের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। দাবি আদায়ের জন্য সড়ক বন্ধ ছিল।’
সাবেক সাংসদ হত্যাকারীদের বিচারের দাবিতে হরতাল: নেত্রকোনার-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন তালুকদারের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল দুর্গাপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
জালাল তালুকদার হত্যা প্রতিবাদ পরিষদের আহ্বায়ক সাজ্জাদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা হত্যার চার মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। নেতা হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে দুর্গাপুরের সর্বস্তরের জনগণ এ হরতাল পালন করে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন