কলা খেতে খেতে মধুপুর থেকে তাড়াইল

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দিন পাঁচেক আগে কলাভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের মধুপুর থেকে কিশোরগঞ্জের তাড়াইল আসছিল। কলার লোভে পাঁচটি বানর উঠে পড়ে ওই ট্রাকে। কলা খেতে খেতে ওরা চলে আসে তাড়াইলের রাউতি চৌরাস্তা এলাকায়।
জানা গেছে, ১৯ জানুয়ারি মধুপুর উপজেলার একটি বাগান থেকে ট্রাকে কলা তোলা হয়। ওই কলা নিয়ে বিকেলে রওনা দেন চালক। মধুপুর গড়ের ভেতর দিয়ে আসার সময় বানরগুলো ট্রাকে উঠে পড়ে। সন্ধ্যার আগে ট্রাকের চালক বানরের উপস্থিতি টের পান এবং রাউতি বাজারে ট্রাক থামান। শেষে বানরগুলো দ্রুত ট্রাক থেকে নেমে যায়। ট্রাক থেকে নামার পর বানরগুলো দলছুট হয়ে বিভিন্ন দিকে চলে যায়। চারটি বানরের কোনো খোঁজ পাওয়া যায়নি। একটি রাউতি গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে, বানরটি বাড়ির পেছনে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে। প্রাণীটি একটি বিড়ালের বাচ্চাকে ঘর থেকে নিয়ে নারকেল গাছের ওপর রেখে দিয়েছে। সেখানেই বাচ্চাটির জন্য খাবার নিয়ে আসছে এটি। বাড়ির মালিক হাবিবুর রহমান বলেন, ‘বানর নিয়ে ভয়ে আছি। কখন কী করে বসে, সেই চিন্তায় আমরা অস্থির।’
তাড়াইল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ছাইফুল ইসলাম জানান, বানরটিকে কেউ যেন আক্রমণ না করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্রুত এটাকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন