জয়পুরহাট জেলায় চিকিৎসকের ১৪০টি পদের ৭৮টিই শূন্য
জয়পুরহাট আধুনিক হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোয় চিকিৎসকের মোট পদ রয়েছে ১৪০টি। এর মধ্যে ৭৮টি পদই শূন্য রয়েছে। এ কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার বিপুলসংখ্যক রোগী।
সিভিল সার্জন কার্যালয় ও আধুনিক জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের পদ রয়েছে ৯৭টি। এর মধ্যে ৬৪টি পদই শূন্য রয়েছে। অপর দিকে আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৪৩টি। কর্মরত রয়েছেন ২৯ জন। ১৪টি পদে কোনো চিকিৎসক নেই।
কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২০টি। সেখানে কর্মরত রয়েছেন মাত্র চারজন চিকিৎসক। আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সেও একইসংখ্যক পদ থাকলেও সেখানে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন চিকিৎসক। পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে নয়টি। সেখানে কর্মরত রয়েছেন মাত্র চারজন। ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে নয়টি। সেখানে কর্মরত রয়েছেন সাতজন। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের তিনটি পদের মধ্যে কর্মরত রয়েছেন দুজন চিকিৎসক।
আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস ও কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুল আহসান তালুকদার জানান, চিকিৎসকের মারাত্মক সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে তাঁদের হিমসিম খেতে হচ্ছে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. নোমান চৌধুরী বলেন, হাসপাতালের চিকিৎসকের শূন্য পদ পূরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতি মাসে আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন শহীদ হোসেন বলেন, দীর্ঘদিন থেকে ওই শূন্য পদগুলোয় কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ ব্যাপারে প্রতি মাসেই স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালককে চিঠি দিয়ে জানানো হচ্ছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






