চলতি মাসে চাহিদার দ্বিগুণ ভোজ্যতেল আমদানি!
সরকারি হিসাবে, দেশে প্রতি মাসে পাম ও সয়াবিন তেলের চাহিদা এক লাখ পাঁচ থেকে এক লাখ ১০ হাজার টন। কিন্তু চলতি মাসে এই দুটি ভোজ্যতেল আমদানির পরিমাণ দাঁড়াচ্ছে চাহিদার প্রায় দ্বিগুণ।
আমদানিকারকেরা জানান, বিশ্ববাজারে এখন ভোজ্যতেলের দাম স্থিতিশীল। এ কারণে একসঙ্গে বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি করা হচ্ছে।
প্রসঙ্গত, অতীতে সর্বোচ্চ চাহিদার সময়ে বিশেষ করে রোজার মাসে দেশে ভোজ্যতেলের আমদানি এক লাখ ৬০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার টন পর্যন্ত উঠেছিল।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে এ মাসে ১৯টি জাহাজে প্রায় দুই লাখ ১১ হাজার টন ভোজ্যতেল আমদানি হচ্ছে। হঠাৎ করেই চাহিদার চেয়ে বেশি পরিমাণে আমদানি হওয়ায় জেটি-সংকটের কারণে ভোজ্যতেল খালাসে সমস্যা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, দুই লাখ টন ভোজ্যতেলের মধ্যে ইতিমধ্যে সোয়া এক লাখ টন সয়াবিন ও পামতেল খালাস করে কাস্টম হাউসের সাতটি ট্যাংক টার্মিনালে রাখা হয়েছে। এখন বন্দরে তিনটি জাহাজে খালাসের অপেক্ষায় আছে প্রায় ৩৮ হাজার টন ভোজ্যতেল। আগামী রোববারের মধ্যে পাঁচ জাহাজে আসছে আরও প্রায় ৪৭ হাজার টন ভোজ্যতেল।
ভোজ্যতেল খালাসের জন্য রিভার মুরিং-৪-এর স্থলে ডলফিন জেটি নির্মাণকাজ চলছে। ২০১০ সালের জুলাইয়ে এই নির্মাণকাজ শুরু হলেও এখনো শেষ হয়নি, যে কারণে সেখানে ভোজ্যতেলের জাহাজ ভিড়তে পারছে না। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে দুই সপ্তাহ টিএসপি জেটিতে ভোজ্যতেল খালাসের জন্য জাহাজ ভেড়ানোর অনুমতি না পাওয়ায় সংকট প্রকট হয়ে ওঠে। অবশ্য গত বুধবার থেকে রিভারমুরিং ৩ ও ৮ এবং টিএসপি জেটিতে পণ্য খালাস শুরু হয়েছে।
বন্দরের সদস্য (হারবার ও মেরিন) এম শাহজাহান প্রথম আলোকে জানান, রিভার মুরিং-৪-এর স্থলে ডলফিন জেটি নির্মাণের কাজ দ্রুত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে।
জানতে চাইলে শিপিং এজেন্ট সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত বুধবার প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে বেশি জাহাজ আসায় এ সমস্যা হয়েছে। আশা করছি, শিগগিরই এ সমস্যা কাটবে।’
কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, ভোজ্যতেল খালাসে ধীরগতি হলেও বাজারে প্রভাব পড়ার কথা নয়। কারণ, কাস্টম হাউসের হিসাব অনুযায়ী, আমদানিকারকেরা ২১ জানুয়ারির মধ্যেই এক লাখ চার হাজার ৫২৭ টন ভোজ্যতেল খালাস করেছেন। অর্থাৎ, ২১ দিনেই এক মাসের চাহিদার সমান ভোজ্যতেল শোধনের জন্য কারখানায় নিয়ে গেছেন, যা পরিশোধন করে বাজারজাত করা হচ্ছে।
এ ছাড়া বুধবার পর্যন্ত কাস্টম হাউস-নিয়ন্ত্রিত সাতটি ট্যাংক টার্মিনালে মজুদ ছিল ৭৮ হাজার ৪৫৪ টন ভোজ্যতেল।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







