চিরকুট
প্রসঙ্গ বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনেকের চোখেই দেশের ক্রিকেটের অগ্রযাত্রারই একটি মাইলফলক। দেশের তো বটেই, ঘরোয়া এই টুর্নামেন্ট বাইরের ক্রিকেটারদেরও আয়রোজগারের সুযোগ করে দিয়েছে। কিন্তু টুর্নামেন্ট খেলা ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে যা হয়েছে, সেটা কারোরই কাম্য নয়। সেটা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত, দ্বিতীয় আসরে খেলা ক্রিকেটারদের পাওনা নিয়ে যাতে দেশের সম্মান ক্ষুণ্ন না হয়।
সোহাগ সরকার, কুমিল্লা
সোলতান মাহমুদ, মান্দারী বাজার, লক্ষ্মীপুর
আইপিএলের আদলে বিপিএলের দ্বিতীয় আসর শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। বিপিএলের উদ্দেশ্য যা-ই হোক, এর মাধ্যমে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা যায়। এটি ক্রিকেটারদের আয়ের একটি সুযোগও। ভুলে গেলে চলবে না, আইপিএলের দেশ ভারতে সে দেশের টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে এবং এর জন্য দায়ী করা হচ্ছে আইপিএলকেই। বিপিএলের আয়োজনের পেছনে বাণিজ্যিক একটা উদ্দেশ্যও আছে। কিন্তু তা যেন দেশের ক্রিকেটের ভিত্তিমূলকে নড়বড়ে না করে তোলে, অর্থের পেছনে ছুটতে গিয়ে ক্রিকেটাররা যেন ক্রিকেটের আসল খেলা টেস্ট খেলতে ভুলে না যান।
সাধন সরকার, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
দায় নেবে কে?
অন্য দেশ যখন তাদের ক্রিকেটারদের পাকিস্তানে যেতে দিচ্ছে না, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের ক্রিকেটারদের তাদের দেশে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তান সফর করলেই পাকিস্তান বহির্বিশ্বের কাছে বলতে পারবে, তাদের দেশ ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য নিরাপদ। তাদের এই উদ্দেশ্য হাসিলের জন্য তারা বাংলাদেশকেই বেছে নিয়েছে। তাদের ফাঁদে পা দিয়েছে বিসিবিও। একটা বিষয় কিছুতেই বোধগম্য নয়। যে দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত নিরাপদ নন, সেখানে কোন সাহসে ক্রিকেটারদের খেলতে পাঠাবে বিসিবি! আশার কথা, ক্রিকেটারদের পাকিস্তান সফর আপাতত স্থগিত করা হয়েছে। প্রস্তাবিত সফরটি বাতিল করলে নিশ্চিন্ত হই।
এনামুল, উত্তরা, ঢাকা
দিবাকর বিশ্বাস, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
স্বীকৃতি কোথায়?
অনেক ক্রিকেটারই আছেন, সাফল্যের কারণে যাঁরা সব সময়ই আলোচনায় থাকেন। সফল বোলার হয়েও কিন্তু এ তালিকায় রাখা যায় না আবদুর রাজ্জাককে। ওয়ানডেতে তাঁর নামের পাশে ১৯৫ উইকেট, যা বাংলাদেশের পক্ষে কোনো বোলারের সর্বোচ্চ। কিন্তু কই, তাঁকে নিয়ে পত্রপত্রিকায় সেভাবে কখনোই লেখালেখি হয়নি। তাঁর সামনে ২০০ উইকেটের মাইলফলক। যেদিন তিনি তা ছোঁবেন, তাঁকে নিয়ে অনেক লেখালেখি হবে আশা করি।
আফরোজা ইয়াসমিন, কেশবপুর, যশোর
‘ছক্কামানব’ জিয়াউর
টি-টোয়েন্টি স্পেশালিস্ট জিয়াউর রহমানকে ‘ছক্কামানব’ নামেও ডাকা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটে অবলীলায় ছক্কা হাঁকানোর দক্ষতার কারণে জাতীয় ক্রিকেট দলে তাঁর ডাক পাওয়া। আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের ছক্কাদক্ষতা তিনি দেখিয়েছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। দক্ষিণাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে খেললেন হার না-মানা ১৫২ রানের ইনিংস। ছক্কা হাঁকান ১৫টি! সঙ্গীর অভাবে তাঁকে থামতে হয়েছিল। না হলে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি তিনি গড়েই ফেলতেন। হাতছাড়া হওয়া রেকর্ডটি আশা করি তিনি ভবিষ্যতে করতে পারবেন।
রাফি রেদোয়ান, তেজগাঁও, ঢাকা
বর্ষশেষের স্টেডিয়াম আয়োজন
৩০ ডিসেম্বর ২০১২। বছরের শেষ রোববার। প্রকাশিত হলো বছরের শেষ স্টেডিয়াম। সালতামামির বিশেষ আয়োজনটি খুবই ভালো লাগল। জানতে পারলাম ঘটে যাওয়া অনেক ঘটনা। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সারা বছরের সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনার প্রতিচ্ছবি হয়ে থাকল এ সংখ্যা। ছবি আর লেখায়, বর্ণিল উপস্থাপনায় সত্যিই অনন্য ছিল সংখ্যাটি।
সজীব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ, মাহিম, জামালপুর
সানিয়া মির্জার অন্য ভুবন
ক্রিকেটের পর টেনিসই আমাকে বেশি টানে। বাংলাদেশের কেউ খেলাটির আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসতে পারেননি। তাই প্রতিবেশী দেশের সানিয়া মির্জাকেই বড় বেশি আপন মনে হয়। সে জন্যই শারাপোভা, ওজনিয়াকিদের পাশাপাশি সানিয়া কোথায় কী করলেন, তাঁর অর্জনের তালিকায় নতুন কী যোগ হলো, সে খবরও জানতে ইচ্ছা করে। কিন্তু বিয়ের পর থেকেই তাঁকে কোর্টে বেশি নিষ্প্রভ মনে হচ্ছে! তবে কি বিয়ে করে তিনি পিছিয়ে গেলেন? আনা কুর্নিকোভার মতো তিনিও কি টেনিসের বাইরের বিষয় নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লেন?
রোজিনা, গুলকী বাড়ি রোড, ময়মনসিংহ
পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রাফি রেদোয়ান
পাঠকের মন্তব্য
- ২০১৩.০২.০৬ ১৬:০৩
- খালি গাযে জোর থাকলে হয না, খেলার টেকনিক জানতে হয। যা জানে মুশফিক, তামিম, সাকিব, জহুরুল , মুক্তার, নাজমুল হাসান মিলন, নাসির, সাববির, এনামুল হক বিজয়, মোমিনুল, রাজ্জাক, মহমমদুললা । বাংলাদেশ দলের জনও এরা যথেষট । জিযা, নাফিস, জুনাযেদ, আশরাফুল, কাযেস, অলক, দেমান ঘোষ, এরা কোন কাজের না । এদের পারফরমেনস এর ধারাবাহিক্তা নেই। তরা আনফিট ফর জাতিয দল ।
- ২০১৩.০২.১৫ ১৬:২১
- আমি বেসি ভালো বাসি বাংলাদেশ অধিনাযক মুশফিকুর রহিম কে তিনি বাংলাদেশের গরবো






