রংপুর ও নাটোরে ১৪৫ জন কম্বল পেলেন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রংপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে কম্বল বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সদস্যরা গতকাল সোমবার রংপুর ও নাটোরে গরিব-অসহায় মানুষের মাঝে ১৪৫টি কম্বল বিতরণ করেছেন।
রংপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গতকাল দুস্থ মানুষদের ১০০টি কম্বল দেওয়া হয়েছে। এ সময় কম্বল পেয়ে মুক্তিযোদ্ধা-সন্তান আলমগীর বলেন, ‘এই ঠান্ডাত একনা কম্বল পায়া রাইতের ঘুমটা আইজ ভালো হইবে।’ কম্বল বিতরণকালে বন্ধুসভার পার্থ প্রতিম রায়, সাহাজাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গতকাল সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে ৪৫ জন রিকশাচালককে কম্বল দেওয়া হয়। এ সময় গুরুদাসপুর উপজেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি বরকত আলী, দুর্নীতি দমন কমিশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার, চিকিৎসক জাবের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা অব্যাহত: গত রোববার পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৩০ টাকা, চার হাজার ৫১৭টি কম্বল, ৪৩৩টি সোয়েটার ও ৪০০টি পুরোনো গরম কাপড়। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘স্প্রেড স্মাইল’ দিয়েছে ৪০০টি পুরোনো গরম কাপড়, সেরিনা ইসলাম দিয়েছেন ৪০টি কম্বল।
এ পর্যন্ত ছয় হাজার ৮৬৫ দুস্থ ব্যক্তিকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। গতকাল এনার্জি প্যাক পরিবারের কর্মকর্তারা দিয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৩৩০ টাকা, মো. শফিকুল করিম ১০ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি পাঁচ হাজার টাকা ও ফারাহ বেগম এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া ঢাকা ব্যাংকের ত্রাণ তহবিলে (২০৭.২০০.১১১৯৪) এক ব্যক্তি ২০ হাজার ১০০ ও আরেক ব্যক্তি এক হাজার টাকা দিয়েছেন।







Tutul
২০১৩.০১.১৫ ১২:৫৪