• হোম
  • সারা দেশ
  •   জয়পুরহাট ও নেত্রকোনায় ২৯০ জনের মধ্যে কম্বল বিতরণ

জয়পুরহাট ও নেত্রকোনায় ২৯০ জনের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলো ডেস্ক | তারিখ: ১৩-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজ মাঠে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়

নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজ মাঠে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়

প্রথম আলো

তীব্র শীতের মধ্যে গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জয়পুরহাট ও নেত্রকোনায় প্রায় ২৯০ জন হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এতে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বেড়ইল গুচ্ছগ্রাম ও বেড়ইল গ্রামে গতকাল সকালে ১১০ জন হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় বেড়ইল বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। একই দিন ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরবর্তী দীঘিরপাড়, খান্দার, জয়সিংহা জেলেপল্লি এবং ফকিরপাড়া ও দুর্গাপুর গ্রামে ৮০ জনকে কম্বল দেওয়া হয়।
পূর্বধলা (নেত্রকোনা): পূর্বধলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল হক, বন্ধুসভার আহ্বায়ক জহিরুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার উপজেলার মৌদাম ও পাটরা গ্রামে আরও ২৫ জনকে কম্বল দেওয়া হয়।
সহায়তা অব্যাহত: দুস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত তহবিলে জমা পড়েছে ১২ লাখ ৬৪ হাজার টাকা, চার হাজার ৭৫৭টি কম্বল ও ৪৩৩টি সোয়েটার। গতকাল তহবিলে নরওয়েস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিয়াজোঁ অফিসের বাংলাদেশের কর্মকর্তারা জমা দিয়েছেন ১৮০টি কম্বল, ৬৪টি সোয়েটার ও ১২০টি শার্ট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন ১০০ কম্বল, মোস্তাফিজুর রহমান দিয়েছেন ৫০টি শীতবস্ত্র। এ ছাড়া এ জেড এম নাজমুল আহসান ২৫ হাজার টাকা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা ও আরিফুর রহমান তিন হাজার টাকা দিয়েছেন।
এ পর্যন্ত ছয় হাজার ৩৬০ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা, রংপুর, রাজশাহী, যশোর, রাঙামাটি, ঈশ্বরদী (পাবনা), মিরসরাই (চট্টগ্রাম), নোয়াখালী (হাতিয়া), বরিশাল, মাগুরা, বাগেরহাট, পঞ্চগড়, লালমনিরহাট (পাটগ্রাম), নাটোর (গুরুদাসপুর), পটুয়াখালী (কলাপাড়া), নড়াইল (লোহাগড়া) এলাকায় তহবিলের টাকায় কম্বল কিনে পাঠানো হয়েছে। শিগগিরই এগুলো দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে।
সহায়তা পাঠানোর ঠিকানা: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা দিতে চাইলে প্রথম আলোর কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া প্রথম অলো ট্রাস্ট/ত্রাণ তহবিল হিসাব নম্বর ২০৭. ২০০. ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায় অর্থ পাঠাতে পারেন। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদের মুঠোফোনে (০১৯১৪-৬০০৭৭০) যোগাযোগ করতে পারেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন