‘তোমরা মোক কম্বল দিয়া বাঁচালেন’
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের আদিবাসী শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো
‘তোমরা মোক কম্বল দিয়া বাঁচালেন। আল্লাহ তোমাকরে ভালো করবে।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোলাপি খাতুন।
গতকাল শুক্রবার তীব্র শীতের মধ্যে জরুরি ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: গতকাল সকালে দিনাজপুর সদর উপজেলার খানপুর, সুন্দুরা, জলুকাপাড়া, বোয়ালমারী, মংলাবাজারসহ পাঁচটি গ্রামে ১৫০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সুন্দরা ফুরকানিয়া ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে ত্রাণ বিতরণে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুল হোসেন, শিক্ষক খতিব মাস্টার, মুক্তিযোদ্ধা আবদুস সবুর ছাড়াও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: গতকাল বরেন্দ্র অঞ্চলের নাধাই কৃষ্ণপুর, গণশাপাড়া, দেলবাড়ী ও পলশা গ্রামে ৫০ জন আদিবাসী নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় আদিবাসী নেতা কর্নেলিউস মুরমু, রাইসান টুডু, রুবিন হেমব্রম ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর (জয়পুরহাট): গত বৃহস্পতিবার পৌর সদরের শহীদ ছমিরউদ্দিন স্মৃতি পার্কে ১০০ গরিব মানুষকে কম্বল দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট: বৃহস্পতিবার জেলা শহরে ৫০ জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এই কার্যক্রমে সহায়তা করেন আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা জাদুঘরের পরিচালক আশরাফুজ্জামান মণ্ডল, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ, বন্ধুসভার সভাপতি সোনালী রানী রায় প্রমুখ। এর আগে সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ২৫০ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।
সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান গরিব ও অসহায় মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলোর কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে প্রথম আলো ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম অলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭. ২০০. ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






