‘একন হামাক অত কষ্ট পোহানো লাগবি ন্যা’
-
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত ও নবনীদাস গ্রামের দুস্থদের মাঝে গতকাল প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো
-
দিনাজপুর সদরের সৈয়দপুর ও মাশিমপুর গ্রামের দুস্থদের মাঝে গতকাল প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো
‘জারে মর্যা যাচ্ছনু। এডা গরম কাপড় এটি-ওটি কত চাইয়্যাও পাইনি। পরথম আলো না চাতেই হামাক কম্বল দিল। একন আর হামাক অত কষ্ট পোহানো লাগবি ন্যা।’ গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের বৃদ্ধ লোকমান হোসেন।
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমে সহায়তা দিচ্ছে বন্ধুসভা।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শিবগঞ্জ উপজেলার দামগাড়াসহ ১৪টি গ্রামের ১২০ জনকে গতকাল শীতবস্ত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহযোগিতাও দেওয়া হয়। এ সময় শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক সত্যেন্দ্রনাথ সাহা, বন্ধুসভার সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনাজপুর: শীতের তীব্রতার কারণে গতকাল জরুরি ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে গত বুধবার সদর উপজেলার সৈয়দপুর ও মাশিমপুর গ্রামে ১৩০ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুলবিলা গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ২০০ গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, সাংবাদিক রফিকুল ইসলাম, বন্ধুসভার সভাপতি মাবুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত ও নবনীদাস গ্রামে ২০১ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় বন্ধুসভার বন্ধু পার্থ প্রতিম রায়, সাহাজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১২ লাখ ২৬ হাজার টাকা, চার হাজার ৪৭৭টি কম্বল ও ৪৩৩টি সোয়েটার। গতকাল তহবিলে প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ অ্যালামনাই অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইতালি (বাসাই) জমা দিয়েছে ৩০ হাজার টাকা এবং নাতাশা সরকার ২০ হাজার ও মো. মফিজ উদ্দিন ১০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া ঢাকা ব্যাংকে ত্রাণ তহবিলের হিসাবে জমা পড়েছে ৫০ হাজার, ৪৩ হাজার ও পাঁচ হাজার টাকা।
সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান অসহায় ও দুস্থ মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে প্রথম আলো ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭. ২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






