প্রতিপক্ষের অ্যাসিডে ঝলসে গেছেন ননদ-ভাবি
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে ননদ-ভাবির মুখ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা গ্রামে।
অ্যাসিডে ঝলসে যাওয়া দুই নারী হলেন: হলদিবাটা গ্রামের হাছান আলীর স্ত্রী খালেদা বেগম (৪০) ও তাঁর ননদ একই গ্রামের আজগর আলীর স্ত্রী ফুলেছা বেগম (৪০)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় আহত ননদ-ভাবিকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। আহত খালেদা বেগম জেলা সদর হাসপাতালে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী আকতারের সঙ্গে তাঁর স্বামী হাছান আলীর বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। এর জের ধরে আজ (মঙ্গলবার) ভোরে আকতার ও তাঁর সহযোগী জয়নাল, নূর ইসলাম তাঁর (খালেদা) ঘরে অনুপ্রবেশ করে অ্যাসিড নিক্ষেপ করেন।
এতে তাঁর (খালেদা) এবং ননদ ফুলেছার মুখের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঘটনার পরপরই আহত ননদ-ভাবির চিৎকারে আত্মীয়স্বজন ও এলাকাবাসী এসে তাঁদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গতকাল রাতে বলেন, অ্যাসিডে আক্রান্ত খালেদার বাম চোখের আঘাত গুরুতর এবং এটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও আকতার বা তাঁর সহযোগীকে পাওয়া যায়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তিনি জেনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






