শিরোনাম:

১২ দলের হরতালে আট দল নেই

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২০-১২-২০১২

  • ৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

হরতাল আহ্বানকারী ইসলামি ও সমমনা ১২ দলের আটটির নেতারা বলেছেন, আজকের হরতালে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, এ বিষয়ে সংগঠনে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। বিবৃতিতে ইসলামি ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহিউদ্দিন খান ছাড়াও শরিক দল খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ভাসানী ফ্রন্ট, ইসলামিক পার্টি, এনডিপি, ন্যাপ-ভাসানীর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রয়েছে।
এর আগে ১২ দলের পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়েছিল।
আর এই ১২ দলের যুগ্ম আহ্বায়ক শাহ আহমাদুল্লাহ আশরাফ গতকাল পৃথক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার আহ্বান জানান। তাঁদের পক্ষ থেকে বলা হয়, সকাল-সন্ধ্যার পরিবর্তে আজ বৃহস্পতিবার ঢাকায় আধা বেলা হরতাল পালন করা হবে। এ ছাড়া নির্বাচনের কারণে রংপুর সিটি করপোরেশন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। তবে ঢাকার বাইরে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
সমমনা ইসলামি ১২ দলের সদস্যসচিব জাফরুল্লাহ খান প্রথম আলোকে জানান, কওমি মাদ্রাসার শিক্ষা সনদের বিষয়ে কওমি মাদ্রাসা বোর্ডের (বেফাক) একটি সম্মেলনের কারণে ঢাকায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সহিংসতা হলে কঠোর হাতে দমন করা হবে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আজকের হরতাল স্বাধীনতাবিরোধীদের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা হরতাল করে গাড়ি ভাঙচুর, রাজপথ অবরোধ ও বোমাবাজি করে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করে, তারা কখনো গণতান্ত্রিক দল হতে পারে না। তত্ত্বাবধায়কের দাবিতে স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিরোধী দলের আন্দোলন কখনো সফলতা অর্জন করতে পারবে না।
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বামপন্থী বিভিন্ন দলের ডাকা মঙ্গলবারের হরতালের পরিপ্রেক্ষিতে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা ১২ দল কমিউনিস্টদের রাজনীতি নিষিদ্ধ ও ইসলাম নির্মূলের চক্রান্তের বিরুদ্ধে এই হরতালের ডাক দেয়।
হরতালে না থাকা বিষয়ে বিবৃতির বিষয়ে জানতে চাইলে নেজামে ইসলাম পার্টির মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ব্যক্তিগতভাবে এই হরতালের তাঁর সমর্থন আছে। বিবৃতি থেকে তাঁর নাম কেটে দেওয়ার অনুরোধ করেন তিনি। আর খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক বলেন, ‘আমি ১৮ দলের সঙ্গে আছি। তাই ১২ দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে এই হরতালের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।’
এদিকে ইসলামি ও সমমনা ১২ দলের হরতালে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানিয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mohammad Siam Hossain Khan

Mohammad Siam Hossain Khan

২০১২.১২.২০ ০৩:৫৮
আজকের হরতালটি জনগন সমরথন করে না বলেই আমার ধারনা !

আলমাস চৌধুরী, লন্ডন

আলমাস চৌধুরী, লন্ডন

২০১২.১২.২০ ০৬:১০
আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, হরতালে সহিংসতা কেন হয় ?

Russell

Russell

২০১২.১২.২০ ০৭:৩১
জামাত শুধু এই ১২ দলই নয়, নামে বেনামে অসংখ্য দল সৃষ্টি করে রেখেছে। যেমন জেএমবি, হরকাতুল জিহাদ, আল্লার দল, ৭১ এ করেছিল রাজাকার, আলবদর, আল সামস ইত্যাদি। সকল উদ্রবাদী ইসলামি দল এর গোড়া খুজলেই দেখা যায় এটি জামাতের সৃষ্টি।

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১২.১২.২০ ০৭:৪৭
জামায়াত তো হরতাল করবেই , এ দেশটা যে ওদের বাবার দেশ। যুদ্ধের সময় করেছে স্বদেশের বিরোধিতা, এখন আবার বলছে না এটা ওদের দেশ, ওদের নাকি মুক্তিযোদ্ধানেতাদের যুদ্ধাপরাধীবলে বিচার করা হচ্ছে তাই এটা ঠেকাতে তারা হরতাল দিয়েছে। দেশের মানুষ নাকি তাদের মাথায় তুলে রাখে।

Muhammad Abdullah

Muhammad Abdullah

২০১২.১২.২০ ১০:৩৭
বামদের হরতালে পুলিশ যেভাবে সহযোগিতা করেছে ,এমন সহযোগিতা অব্যাহত থাকলে কোন হরতালেই সহিংসতা হবে না।