শেয়ারবাজার

হঠাৎ করেই লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২০-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল বুধবার একক আধিপত্য বিস্তার করেছে বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো। এ দিন এককভাবে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৩৬ শতাংশ।
তবে গত কয়েক দিনের ধারাবাহিকতায় খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাত। এ খাতের লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে ২৩টিরই দাম বেড়েছে। দিন শেষে এ খাতের মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৮ কোটি টাকা, যা ডিএসইর সার্বিক লেনদেনের প্রায় ২০ শতাংশ। ব্যাংকিং খাতের পরের অবস্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ খাতের লেনদেন হওয়া ২৭টি কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৯ কোটি টাকা, যা ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ।
গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৮১ পয়েন্টে। এর আগের দিন গত মঙ্গলবার অবশ্য দুই বাজারে দরপতন ঘটেছিল।
কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনের পাশাপাশি গতকাল ডিএসইর সূচকে ইতিবাচক প্রভাবে বড় ভূমিকা রেখেছে বেক্সিমকো। কোম্পানিটির দর বাড়ার কারণে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় শূন্য দশমিক ১৩ শতাংশ।
ঢাকার বাজারে এ দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। হঠাৎ করে কোম্পানিটির শেয়ারের এমন দর বাড়ার সঠিক কোনো কারণ বলতে পারেননি বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। ডিএসইর ওয়েবসাইটেও কোম্পানিটির কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছিল না।
দিন শেষে ডিএসইতে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ২০১টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত ছিল ১৮টির। এ দিন ঢাকার বাজারে প্রায় ২৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩১ পয়েন্টে। এ দিন সিএসইতে ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ১৯টির। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি টাকা বেশি।
এদিকে সমমনা ইসলামি ১২টি দলের ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবার তালিকাভুক্ত দুটি কোম্পানির নির্ধারিত সভা পেছানো হয়েছে। গতকাল ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। কোম্পানি দুটি হলো: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও কাশেম ড্রাইসেল। এর মধ্যে আজ বিআইএফসির বিশেষ সাধারণ সভা ও কাশেম ড্রাইসেলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

SHAMSUL HUDA

SHAMSUL HUDA

২০১২.১২.২০ ১২:৩৭
This nominal trade volume is nothing in comparison to massive fall of Index and trade volume in last two years. When the DSE index shall hover around 7000 and trade volume level will be at 1200 crore then you can say the market is normal and investors confidence on the govt is back.